ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

‘ক্রাইসিসম্যান’ মরিনহোর দ্বারস্থ রিয়াল!

‘ক্রাইসিসম্যান’ মরিনহোর দ্বারস্থ রিয়াল!
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬ | ১৩:৪০

রিয়াল মাদ্রিদে একটা কথা বেশ প্রচলিত। ক্লাব কোনো সংকটে পড়লেই নাকি ফ্লোরেন্তিনো পেরেজ তাঁর আশপাশের লোকজনদের জিজ্ঞেস করতে থাকেন, ‘মরিনহোকে ফিরিয়ে আনার পক্ষে কি কোনো যুক্তি আছে?’ কারণটাও পরিষ্কার, অতীতে মরিনহোই রিয়ালকে সংকট থেকে উদ্ধার করতে পেরেছেন। তাই আবার সেই গুঞ্জন শুরু হয়ে গেছে। আলভারো আরবেলোয়াকে সরিয়ে হোসে মরিনহোকে হেড কোচ করে নাকি আগামী মৌসুম শুরু করতে চাইছে রিয়াল।

ব্যর্থতার চোরাবালিতে ঘুরপাক খাচ্ছে রিয়াল। বিশ্বের অন্যতম সেরা এ ক্লাব গত দুই মৌসুম শিরোপা খরায় ভুগছে। সেই খরা কাটাতেই মরিনহোর দ্বারস্থ হচ্ছেন পেরেজ। বিভিন্ন গণমাধ্যমের খবর, পর্তুগিজ এ কোচের প্রত্যাবর্তনের আলোচনা নাকি অনেক দূর এগিয়ে গেছে। আগামী মৌসুমে ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, কামাভিঙ্গাসহ সাতজন খেলোয়াড়কে বিদায় করে দেওয়া এবং চারজনকে দলে ভেড়ানোর শর্তও নাকি দিয়েছেন মরিনহো। 

তবে এই গুঞ্জনে পানি ঢেলে দিয়েছেন ৬৩ বছর বয়সী এ কোচ। রিয়াল থেকে এখন পর্যন্ত কেউ তাঁর সঙ্গে যোগাযোগ করেনি বলে জানিয়েছেন বেনফিকার কোচ। বিষয়টি নিয়ে গত মঙ্গলবার সাংবাদিকরা মরিনহোকে প্রশ্ন করলে তিনি চুপচাপ এড়িয়ে যান। গত শুক্রবার আবার রিয়াল প্রসঙ্গে তাঁর জানতে চাওয়া হলে অবস্থান পরিষ্কার করেন মরিনহো, ‘না, রিয়াল মাদ্রিদের কেউ আমার সঙ্গে কথা বলেনি, এটা আপনাদের নিশ্চিত করে বলতে পারি। ফুটবলের সঙ্গে বহু বছর ধরে আছি আমি, ঠিক যেমন আপনারা সাংবাদিকতায়। এসবের সঙ্গে আমরা অভ্যস্ত, কিন্তু রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে কিছুই আসেনি। আর বেনফিকার সঙ্গে আমার চুক্তি আরও এক বছর বাকি আছে।’
 
তবে মরিনহো অস্বীকার করলেও খবরটা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। চুক্তি হওয়ার আগে কেউই এসব বিষয় স্বীকার করে না। ২৫ বছরের কোচিং ক্যারিয়ারে তিন বছর (২০১০ থেকে ২০১৩) রিয়াল মাদ্রিদে ছিলেন মরিনহো। এ সময়ে রিয়ালকে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিতিয়েছেন তিনি। রিয়ালের পরিস্থিতি এবারও অনেকটা ২০১০ সালের মতোই। তখনও টানা দুই মৌসুম শিরোপাশূন্য ছিল রিয়াল। তবে মরিনহোর কাছে সেই জাদুর কাঠি এখন আর নেই। পর্তুগিজ এ কোচ কয়েক বছর ধরে শুধু বিতর্কিত কর্মকাণ্ডের জন্য খবরের শিরোনাম হচ্ছেন। তিনি লিগ শিরোপা জেতেন না প্রায় ১১ বছর ধরে। ২০২২ সালে রোমাকে উয়েফা কনফারেন্স জেতানোই তাঁর সর্বশেষ সাফল্য।

আরও পড়ুন

×