বাবরে আশার আলো দেখেন সরফরাজ
ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে
প্রকাশ: ১৫ মে ২০২৬ | ১৮:৫৪
ঢাকা টেস্টে হারের পর পাকিস্তান দলের সাবেকরা বেজায় চটেছেন শান মাসুদদের ওপর। ব্যাটারদের নিবেদন, গেম প্ল্যান নিয়ে কাটাছেড়া করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা। সামাজিক মাধ্যমে দেওয়া এ সব প্রতিক্রিয়াকে গুরুত্ব দিচ্ছেন না পাকিস্তানের কোচ শরফরাজ আহমেদ।
শুক্রবার সিলেটে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, আপনি আমাদের সিনিয়র খেলোয়াড়দের সমালোচনার কথা বলছেন, এটা আমাদের জন্য নতুন কিছু নয়। আমরা সবাই জানি যে ভালো ক্রিকেট না খেললে সমালোচনা হবেই। সুতরাং, আমরা সামাজিক যোগাযোগমাধ্যের বিষয়গুলো নিয়ে চিন্তা করছি না; আমাদের মনোযোগ পরবর্তী ম্যাচ খেলার দিকে। আশা করি, আমার অধিনায়ক এবং পুরো দল পরবর্তী ম্যাচগুলোতে ভালো ক্রিকেট খেলবে, ইনশাআল্লাহ।’
রাওয়ালপিন্ডিতে দুই বছর আগে বাংলাদেশের কাছে টেস্টে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। ওই দলের সদস্য ছিলেন শরফরাজ আহমেদ। খেলোয়াড় হিসেবে হোয়াইটওয়াশ হওয়ার স্বাদ নেওয়া শরফরাজ বাংলাদেশের কাছে কোচ হিসেবেও পরাজয়ের স্বাদ নিয়েছেন। সিলেট টেস্ট বৃষ্টি বড় বাধা না হলে হোয়াইটওয়াশও হতে পারে তার দল। যদিও পাকিস্তান কোচ আশায় ঘরবসতি করছেন, ‘দেখুন, একজন খেলোয়াড় হিসেবে আপনি ভিন্ন কিছু ভাবেন; হয়তো খেলোয়াড় থাকাকালীন আপনি নিজের এবং নিজের পারফরম্যান্স নিয়ে কথা বলেন। কিন্তু একজন কোচ হিসেবে আপনি ভিন্নভাবে ভাবেন। আপনি সব খেলোয়াড় এবং দল নিয়ে ভাবেন। সুতরাং, সবকিছু ঠিক আছে। আশা করি, দল হিসেবে আমরা পরের ম্যাচে ঘুরে দাঁড়াবো, ইনশাআল্লাহ।’
ঢাকা টেস্ট হারের পর শান মাসুদ ব্যাটারদের কাঠগড়ায় তুলেছিলেন। ওই টেস্টে ব্যর্থতার কারণ অনুসন্ধান করে সিলেট টেস্টে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করছে দলটি। সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টের আগে দলের পরিবেশ নিয়ে কোচ বলেন, ‘এই মুহূর্তে পরিবেশ ঠিক আছে। অবশ্যই, প্রথম টেস্ট ম্যাচের পর দল হিসেবে আমরা হতাশ। কিন্তু যা হয়ে গেছে তা হয়ে গেছে। তাই, আমরা পরের ম্যাচের জন্য আশাবাদী। ইনশাআল্লাহ, আমরা দল হিসেবে ঘুরে দাঁড়াবো।’
পাকিস্তানের কোচ জানান, বাবর আজম ফিট হওয়ায় দলের শক্তি বাড়বে। ওপেনার আজান আওয়াইজের ওপর আস্থা রাখছেন তিনি। একাদশ নিয়ে কোচ বলেন, ‘আমি এখনও একাদশ ঘোষণা করিনি। শুধু বলেছি বাবর আজম খেলার জন্য ফিট আছে। রিজওয়ানের কথা বলতে গেলে, সে একজন অসাধারণ উইকেটকিপার। অনেকদিন পর কোনো ফরম্যাটে খেললে মাঝে মাঝে এমনটা হয়েই থাকে। কিন্তু আমি পুরোপুরি আত্মবিশ্বাসী যে সে পরবর্তী ম্যাচে তার কিপিং এবং ব্যাটিং দুটোই খুব ভালো করবে। আজ সারাদিন বৃষ্টি হচ্ছে, তাই বলা যায় না- যদি ম্যাচটি সংক্ষিপ্ত করা হয়, তাহলে দলে আরও পরিবর্তন আসতে পারে।’
