৩ উইকেটে ১০১ রান তুলে লাঞ্চে বাংলাদেশ
ছবি- বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৬ | ১০:১১ | আপডেট: ১৬ মে ২০২৬ | ১২:২৯
৩ উইকেটে ১০১ রান তুলে সিলেট টেস্টের প্রথম দিনের প্রথম সেশন শেষ করেছে বাংলাদেশ। শুরুতে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারালেও চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়ে দলকে লাঞ্চ বিরতিতে নিয়ে গেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।
_1778912863.jpg)
টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। আব্বাসের বলে ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য রানে সাজঘরে ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। সেই শুরুর ধাক্কা সামাল দিতে দ্বিতীয় উইকেটে জুটি বাঁধেন তানজিদ হাসান তামিম ও মুমিনুল হক। দুজনে মিলে ৫৮ বলে ৪৪ রানের জুটি গড়ে প্রাথমিক চাপ সামাল দেন। তবে ১০ম ওভারে তানজিদ তামিম ৩৪ বলে ২৬ রান করে আব্বাসের দ্বিতীয় শিকার হলে ভাঙে এই জুটি।
তানজিদের বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক শান্ত। তবে অন্য প্রান্তে থিতু হয়ে যাওয়া মুমিনুল হকও নিজের ইনিংসটি বড় করতে পারেননি। ১৬তম ওভারে ব্যক্তিগত ২২ রানে খুররম শাহজাদের বলে মুমিনুল আউট হলে ভেঙে যায় তাদের ১৯ রানের জুটি।
এরপর পাকিস্তানি বোলারদের আর সুযোগ দেননি নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। দুজন মিলে ২৬ ওভার ব্যাটিং করে অবিচ্ছিন্ন ৩৮ রানের জুটি গড়ে দলের সংগ্রহ একশ পার করেন। শান্ত ২৬ এবং মুশফিক ১৮ রানে অপরাজিত আছেন।
_1778912805.jpg)
খুররুমে বোল্ড মুমিনুল
খুররম শাহজাদের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরে গেছেন মুমিনুল হক। ফেরার ৪১ বলে ২২ রান করেন তিনি। তার বিদায়ে চাপে আছে বাংলাদেশ। পাঁচে নেমেছেন মুশফিকুর রহিম। নাজমুল ১০ রানে অপরাজিত। বাংলাদেশ ১৬ ওভারে ৩ উইকেটে ৬৩ রানে ব্যাট করছে।
_1778912698.jpg)
‘আত্মঘাতী’ শটে ফিরলেন তানজিদ তামিম
সিলেট টেস্টের প্রথম সকালেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয়ের পর এবার বিদায় নিলেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিমও। ২৬ রান করে মোহাম্মদ আব্বাসের বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। তানজিদের বিদায়ে ভাঙল ৫৮ বল স্থায়ী ৪৪ রানের জুটি। ক্রিজে মুমিনুল হকের সঙ্গী নাজমুল হোসেন শান্ত। ১০ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৪৪।

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন হাসান
অষ্টম ওভারের পঞ্চম বলে সোজাসুজি ক্যাচ দিয়েছিলেন তানজিদ হাসান। সেটা লুফে নিতে ব্যর্থ হন হাসান আলী। ক্যাচ ধরার মরিয়া চেষ্টায় মাথায় চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন অভিজ্ঞ এই পেসার। ওভারের শেষ বলটি করেন সালমান আলি আগা। পাকিস্তান দল এখনও কনকাশন সাব নেওয়ার কথা বলেনি। ৮ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৪০।

মুমিনুল-তানজিদে প্রতিরোধ গড়ছে বাংলাদেশ
মাহমুদুল হাসান ফিরে গেলেও এখন পর্যন্ত স্বাচ্ছন্দ্যেই খেলছেন অভিষিক্ত ওপেনার তানজিদ হাসান তামিম। অন্য প্রান্তে সাবধানী খেলছেন মুমিনুল হক। ৯ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৪২। মুমিনুল ১৩ ও তানজিদ ২৫ রানে অপরাজিত।
_1778912943.jpg)
দিনের শুরুতেই ফিরলেন মাহমুদুল জয়
মিরপুর টেস্টের ব্যর্থতা কাটিয়ে সিলেটে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল মাহমুদুল হাসান জয়ের। তবে দিনের দ্বিতীয় বলেই শূন্য রানে সাজঘরে ফিরলেন এই ওপেনার। আব্বাসের বলে অনর্থক খোঁচা দিতে গিয়ে দ্বিতীয় স্লিপে সহজ ক্যাচ দিয়ে বসেন তিনি। মিরপুর টেস্টেও জয়ের ব্যাটে রান আসেনি। প্রথম ইনিংসে ৮ এবং দ্বিতীয় ইনিংসে ৫ রান করে আউট হয়েছেন।
জয়ের দ্রুত বিদায়ের পর তিন নম্বরে ব্যাটিংয়ে নেমেছেন মুমিনুল হক। অন্য প্রান্তে খেলছেন তানজিদ হাসান তামিম।
এর আগে সিলেটে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয়। এই ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক হলো বাঁহাতি ওপেনার তানজিদ হাসানের। ম্যাচের আগে তাকে অভিষেক ক্যাপ তুলে দেন মুশফিকুর রহিম। চোটের কারণে নেই সাদমান ইসলাম। বাদ পড়েছেন পেসার এবাদত হোসেন। দলে ফিরেছেন শরিফুল ইসলাম।
পাকিস্তান একাদশেও এসেছে ৩ পরিবর্তন। বাবর আজম, সাজিদ খান ও খুররম শেহজাদ একাদশে ফিরেছেন। বাদ পড়েছেন ইমাম উল হক, নোমান আলি ও শাহীন শাহ আফ্রিদি।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।
পাকিস্তান একাদশ: আজান আওয়াইস, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা, খুররম শাহজাদ, সাজিদ খান, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস।
- বিষয় :
- বাংলাদেশ-পাকিস্তান
- টেস্ট সিরিজ
