এনবিএ জয়ের উৎসব রূপ নিল সহিংসতায়, গুলিবিদ্ধ কিশোর
ছবি: বিবিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ০২:২০
নিউইয়র্কে ৫৩ বছর পর এনবিএ চ্যাম্পিয়নশিপ জয়ের আনন্দ উদ্যাপন সহিংসতায় রূপ নিয়েছে। উদ্যাপনের রাতে গোলাগুলি, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় অন্তত এক কিশোর গুলিবিদ্ধ হয়েছে। এ ছাড়া কয়েকটি স্কুলবাসে আগুন দেওয়া হয়েছে এবং ডজনখানেক পুলিশ সদস্য আহত হয়েছেন।
শনিবার রাতে এনবিএ ফাইনালের পঞ্চম ম্যাচে সান আন্তোনিও স্পার্সকে ৯৪-৯০ পয়েন্টে হারিয়ে শিরোপা জেতে নিউইয়র্ক নিকস। ১৯৭৩ সালের পর এটিই দলটির প্রথম এনবিএ চ্যাম্পিয়নশিপ।
দলের জয়ের পর হাজারো সমর্থক নিউইয়র্কের বিভিন্ন সড়কে নেমে আসেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ম্যানহাটনের বিভিন্ন এলাকায় উচ্ছ্বাস নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। স্থানীয় সময় রাত দুইটার দিকে টাইমস স্কয়ারের কাছে গুলির ঘটনা ঘটে। এতে ১৭ বছর বয়সী এক কিশোরের পায়ে গুলি লাগে। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানিয়েছে, উদ্যাপনে অংশ নেওয়া কিছু ব্যক্তি ‘অত্যন্ত বেপরোয়া ও বিপজ্জনক আচরণে’ জড়িয়ে পড়েন। অন্তত পাঁচটি হলুদ স্কুলবাসে আগুন দেওয়া বা ব্যাপক ভাঙচুর করা হয়। বাসগুলো এর আগে বিশ্বকাপ ফুটবল ম্যাচ শেষে সমর্থকদের পরিবহনে ব্যবহার করা হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, বহু মানুষ বাসের ছাদে উঠে উল্লাস করছেন। পরে কয়েকটি বাস আগুনে পুড়ে যায়।
পুলিশ জানিয়েছে, কয়েকটি টহল গাড়িও ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া ছুরিকাঘাত, মারামারি, আতশবাজি বিস্ফোরণ এবং জনতা ছত্রভঙ্গ করতে অস্বীকৃতি জানানোর মতো ঘটনাও ঘটেছে।
এ ঘটনায় এখন পর্যন্ত ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তার ওপর হামলা, অস্ত্র রাখাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।
এনওয়াইপিডি জানিয়েছে, সহিংসতার ঘটনায় ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে মুখে ঘুষি মারা হয় এবং আরেকজনের দিকে কাচের বোতল ছুড়ে মারা হয়।
তবে সহিংসতার আগে শহরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। রাস্তায় মানুষ একে অপরকে আলিঙ্গন করেছেন, গাড়িচালকেরা হর্ন বাজিয়ে আনন্দ প্রকাশ করেছেন। নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ বৃহস্পতিবার দলটির সম্মানে বিজয় শোভাযাত্রা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে।
