ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

কুরাসাওয়ের বিশ্বকাপ দলে দুই ভাই, সবচেয়ে বয়স্ক কোচ

কুরাসাওয়ের বিশ্বকাপ দলে দুই ভাই, সবচেয়ে বয়স্ক কোচ
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬ | ১৩:২২ | আপডেট: ১৯ মে ২০২৬ | ১৩:২২

মাত্র ১ লাখ ৫০ হাজারের কিছু বেশি জনসংখ্যার ছোট্ট দেশ কুরাসাও আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। এর মধ্য দিয়ে তারা বিশ্বকাপ খেলা সবচেয়ে ছোট দেশ হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছে।

কুরাসাওকে প্রথমবারের মতো বিশ্বকাপে তোলার পেছনে সবচেয়ে বড় অবদান ডাচ ট্যাকটিশিয়ান ডিক অ্যাডভোকাটের। এই ছোট দেশকে বিশ্বমঞ্চে তোলার পর গত ফেব্রুয়ারিতে আকস্মিকভাবে পদত্যাগ করেছিলেন তিনি। তবে বিশ্বকাপের ঠিক আগে আবারও দলটির ডাগআউটে ফিরেছেন অভিজ্ঞ এই ডাচ মাস্টারমাইন্ড। এর মাধ্যমে ২০২৬ বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক কোচ হওয়ার এক অনন্য রেকর্ড গড়তে যাচ্ছেন তিনি। আসরে ‘ই’ গ্রুপে খেলবে ক্যারিবীয় দলটি। যেখানে তাদের প্রতিপক্ষ আইভরি কোস্ট, ইকুয়েডর ও পরাশক্তি জার্মানি।

বাছাইপর্বে কুরাসাওকে বিশ্বকাপে তোলা চেনা মুখগুলোকেই চূড়ান্ত স্কোয়াডে প্রাধান্য দিয়েছেন কোচ অ্যাডভোকাট। ২৬ সদস্যের এই দলে আছেন দুই ভাই লিয়েন্দ্রো বাকুনা ও জুনিও বাকুনা। এছাড়া গোলপোস্টের নিচে অভিজ্ঞ এলোয় রুমের উপস্থিতি দলটিকে বড় শক্তি জোগাবে। ডিফেন্সে কোচের মূল ভরসা জুরিয়েন গারি ও রোশন ভ্যান ইজমা।

গ্রুপ পর্বের প্রতিপক্ষ ডিফেন্ডারদের কঠিন পরীক্ষা নিতে প্রস্তুত কুরাসাওয়ের আক্রমণভাগ। যার নেতৃত্ব দেবেন দুই অভিজ্ঞ ফরোয়ার্ড জুর্গেন লোকাডিয়া ও জের্ল মারগারিথা। বাছাইপর্বে আট গোল করে লাইমলাইটে আসা জারভেনে কাস্তানির ও কেনজি গোরি আছেন আক্রমণভাগে। দলে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক একাডেমি খেলোয়াড় তাহিথ চংও।

একনজরে কুরাসাওয়ের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: এলোয় রুম, টাইরিক বোডাক, ট্রেভর ডোর্নবুশ।
ডিফেন্ডার: জুরিয়েন গারি, রোশন ভ্যান ইজমা, আরমান্দো ওবিস্পো, রিশেডলি বাজোয়ার, জশুয়া ব্রেনেট, শ্যারেল ফ্লোরানুস, ডেভেরন ফনভিল, শুরান্ডি সাম্বো।
মিডফিল্ডার: লিয়েন্দ্রো বাকুনা (অধিনায়ক), জুনিও বাকুনা, কেভিন ফেলিডা, লিভানো কোমেনেনসিয়া, আর'জানি মার্থা, টাইরেস নোসলিন, গডফ্রিড রোমেরাতো।
ফরোয়ার্ড: জুর্গেন লোকাডিয়া, জের্ল মারগারিথা, তাহিথ চং, জারভেনে কাস্তানির, কেনজি গোরি, জেরেমি আন্তোনিসে, সন্টজে হ্যানসেন, ব্র্যান্ডলি কুয়াস।

আরও পড়ুন

×