আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা কবে?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬ | ১৭:০৩
বিশ্বমঞ্চে নিজেদের মুকুট ধরে রাখতে দল গোছানোর শেষ মুহূর্তে ব্যস্ত বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইতোমধ্যেই কোচ লিওনেল স্কালোনি তার ৫৫ সদস্যের প্রাথমিক দল জমা দিয়েছেন। তবে ফুটবলপ্রেমীদের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, আলবিসেলেস্তেদের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড কবে ঘোষণা করা হবে?
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ৩০ মে (শনিবার) চূড়ান্ত ২৬ সদস্যের দল ফিফার কাছে জমা দেওয়ার শেষ সময়। তবে এর আগেই স্কালোনি তার বিশেষ পরিকল্পনা অনুযায়ী দল প্রস্তুত করছেন।
টিওয়াইসি স্পোর্টসের তথ্যমতে, আগামী ২৫ মে থেকে প্রাথমিক অনুশীলন ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে স্কালোনির। ক্যাম্পটি হবে বুয়েন্স আয়ার্সের এজেইজায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) লিওনেল মেসি ট্রেনিং সেন্টারে। চূড়ান্ত দল ঘোষণার আগে সেখানে বাড়তি কয়েকজন ফুটবলারকে নিয়ে বিশেষ অনুশীলন ক্যাম্প করতে চান তিনি। মূলত সম্ভাব্য চোটের ঝুঁকি এড়াতে নির্ধারিত ২৬ জনের বেশি খেলোয়াড়কে প্রস্তুতি ক্যাম্পে ডাকতে চান তিনি। ধারণা করা হচ্ছে, ২৫ মে’র পর যেকোন সময় দল ঘোষণা করবে আর্জেন্টিনা।
অতিরিক্ত খেলোয়াড় ডাকার পেছনে স্কালোনির মূল উদ্দেশ্য হলো ‘ইনজুরি ব্যাকআপ’। কাতার ২০২২ বিশ্বকাপের ঠিক আগে নিকো গঞ্জালেজ এবং জোয়াকিন কোরেয়া শেষ মুহূর্তে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। সে সময় ছুটিতে থাকা আনহেল কোরেয়া ও থিয়াগো আলমাদাকে জরুরি ভিত্তিতে দোহায় উড়িয়ে নিতে হয়েছিল। এবার সেই নাটকীয়তার পুনরাবৃত্তি চান না স্কালোনি। চোটের ঝুঁকি এড়াতে বিকল্প ফুটবলারদের আগে থেকেই প্রস্তুত রাখতে চান তিনি।
চূড়ান্ত ছাঁটাইয়ের আগে প্রাথমিক ক্যাম্পে বেশ কয়েকজন চমক দেখা যেতে পারে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আক্রমণভাগের শক্তি বাড়াতে উইঙ্গার পজিশনে এমিলিয়ানো বুয়েন্দিয়া এবং মাতিয়াস সোলে-কে বিবেচনা করছেন কোচ। অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগের ফাইনালে ওঠা বুয়েন্দিয়া সর্বশেষ ২০২৫ সালের নভেম্বরে অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে ডাক পেয়েছিলেন। অন্যদিকে, রোমার তরুণ ফরোয়ার্ড মাতিয়াস সোলে বেশ কয়েকবার স্কোয়াডে ডাক পেলেও আলবিসেলেস্তেদের হয়ে এখনও আন্তর্জাতিক অভিষেক করার অপেক্ষায় আছেন।
শিরোপা ধরে রাখার মিশনে এবার আর্জেন্টিনা খেলবে ‘জে’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। আগামী ১৬ জুন কানসাসের অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তিন তারকাখচিত আর্জেন্টিনা।
বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে যুক্তরাষ্ট্রেই দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে লিওনেল মেসির দল। ৬ জুন টেক্সাসের কাইল ফিল্ড স্টেডিয়ামে হন্ডুরাস এবং ৯ জুন অ্যালাবামার জর্ডান হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা।
- বিষয় :
- আর্জেন্টিনা
- লিওনেল স্কালোনি
- বিশ্বকাপ ফুটবল
