২২ বছর পর প্রিমিয়ার লিগের শিরোপা জিতল আর্সেনাল
ছবি : সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৬ | ০৪:৪২
২২ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল। মঙ্গলবার বোর্নমাউথের মাঠে ম্যানচেস্টার সিটি ১-১ গোলে ড্র করায় এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন নিশ্চিত হয় মিকেল আরতেতার দল।
শিরোপার দৌড়ে টিকে থাকতে হলে বোর্নমাউথের বিপক্ষে জিততে হতো সিটিকে। তবে ম্যাচের প্রথমার্ধে ইলি জুনিয়র কোপির গোলে পিছিয়ে পড়ে তারা। এরপর একাধিক সুযোগ তৈরি করলেও নির্ধারিত সময়ে সমতা ফেরাতে পারেনি দলটি। শেষ দিকে আর্লিং হলান্ড গোল করে সমতা আনলেও জয় না পাওয়ায় শিরোপা ধরে রাখার আশা শেষ হয়ে যায় সিটির।
৩৭ ম্যাচ শেষে সিটির পয়েন্ট ৭৮। সমান ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৮২। লিগে দুই দলেরই একটি করে ম্যাচ বাকি থাকায় গাণিতিকভাবে আর আর্সেনালকে টপকানো সম্ভব নয় সিটির পক্ষে।
এটি আর্সেনালের ইতিহাসে ১৪তম ইংলিশ লিগ শিরোপা। সর্বশেষ তারা প্রিমিয়ার লিগ জিতেছিল ২০০৩/০৪ মৌসুমে।
অন্যদিকে, এই ড্রয়ের মাধ্যমে বোর্নমাউথ আগামী মৌসুমে প্রথমবারের মতো ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলা নিশ্চিত করেছে। দলটির কোচ আন্দোনি ইরাওলার অধীনে বোর্নমাউথের সামনে এখন চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার সম্ভাবনাও রয়েছে।
- বিষয় :
- আর্সেনাল
- প্রিমিয়ার লিগ
- ম্যানচেস্টার সিটি
