ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আতঙ্কিত না হওয়ার মানসিকতাই আমাদের জিতিয়েছে: শান্ত

আতঙ্কিত না হওয়ার মানসিকতাই আমাদের জিতিয়েছে: শান্ত
×

ছবি- ইউসুফ আলী

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬ | ১৩:১৬ | আপডেট: ২০ মে ২০২৬ | ১৩:৩২

সিলেট টেস্টের পঞ্চম দিন সকালে রিজওয়ান ও সাজিদের প্রতিরোধে কিছুটা চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। তখন মনে মনে কিছুটা শঙ্কা জেগেছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও। তবে শেষ পর্যন্ত সব শঙ্কা উড়িয়ে ৭৮ রানের জয় ও হোয়াইটওয়াশের স্বাদ পেয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে সেই স্নায়ুচাপের মুহূর্তগুলো অকপটে স্বীকার করেছেন শান্ত।

পঞ্চম দিনের সকালের সেই কঠিন পরিস্থিতি নিয়ে শান্ত বলেন, ‘এই শেষ এক ঘণ্টার আবেগটা ব্যাখ্যা করা মুশকিল। কারণ সত্যি বলতে ওরা ভালো ব্যাটিং করছিল, আমরা একটু চাপে পড়েও গিয়েছিলাম। আগের টেস্ট ম্যাচগুলোর থেকে আস্তে আস্তে এখন ওই আবেগটাকে নিয়ন্ত্রণ করা, আতঙ্কিত না হওয়া এই জিনিসটা একটু ভালো হয়েছে আমি বলব।’

অধিনায়ক হিসেবে দলের মানসিকতার এই পরিবর্তনে খুশি শান্ত। তবে বড় দলগুলোর মতো আরও শান্ত থাকার ব্যাপারে জোর দিয়ে তিনি বলেন, ‘এই জায়গাটাতে আরও একটু উন্নতির দরকার আছে। বড় দলগুলো হয়তো আরও শান্ত থাকে। কিন্তু আমাদের এই জায়গাটাতে উন্নতি হয়েছে, তাই অধিনায়ক হিসেবে আমি খুশি। আর সামগ্রিকভাবে ১০ দিনে দুটি টেস্ট ম্যাচ জিততে পেরেছি, এটা অবশ্যই গর্বের ব্যাপার।’

প্রথম টেস্টের পর সিলেটেও এই সাফল্যের কৃতিত্ব পুরো দলকে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। শান্ত বলেন, ‘আমরা পুরো দল হিসেবে খেলতে পেরেছি। প্রত্যেকটা খেলোয়াড় যেভাবে কঠোর পরিশ্রম করেছে এমনকি যারা ম্যাচ খেলার সুযোগ পায়নি, কোচিং স্টাফ এবং দলের সহায়তাকারীরা  সবার অবদান ছিল। সবাই মনেপ্রাণে চাচ্ছিল আমরা যেন আরেকবার এরকম একটা ভালো ফল করতে পারি।’

সিলেট টেস্টের প্রথম ইনিংসে লিটন দাসের ১২৬ এবং দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিমের ১৩৭ রানের ওপর ভর করে পাকিস্তানকে ৪৩৭ রানের পাহাড়সম লক্ষ্য দেয় বাংলাদেশ। জবাবে পঞ্চম দিনের সকালে সাজিদ খান (২৮) ও সেঞ্চুরির কাছে থাকা রিজওয়ানকে (৯৪) দ্রুত ফিরিয়ে পাকিস্তানের প্রতিরোধ ভাঙেন তাইজুল ও শরিফুল। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে তাইজুলের ৬ উইকেটের ওপর ভর করে পাকিস্তান ৩৫৮ রানে অলআউট হলে জয়ের উল্লাসে মাতে বাংলাদেশ।

আরও পড়ুন

×