পেদ্রোর জন্য ব্রাজিলের সাবেকদের হাহাকার
চেলসি তারকা জোয়াও পেদ্রো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৬ | ১৫:০৯ | আপডেট: ২০ মে ২০২৬ | ১৫:০৯
২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত ব্রাজিলের ২৬ সদস্যের স্কোয়াডে প্রত্যাশা অনুযায়ী জায়গা করে নিয়েছেন প্রায় সব তারকাই। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা, এনদ্রিক, রায়ানের পাশাপাশি দীর্ঘ চোট কাটিয়ে ফিরেছেন পোস্টার বয় নেইমার জুনিয়রও। তবে দল ঘোষণার পর ব্রাজিলের ফুটবল মহলে সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে চেলসি তারকা জোয়াও পেদ্রোর বাদ পড়া। আনচেলত্তির এই সিদ্ধান্তকে অনেকেই বাস্তবসম্মত বললেও, পেদ্রোকে বিশ্বকাপ দলে না রাখায় ক্ষোভে ফেটে পড়েছেন রোনালদিনহো ও রবার্তো কার্লোসের মতো ব্রাজিলিয়ান কিংবদন্তিরা।
চেলসির হয়ে দুর্দান্ত একটি মৌসুম পার করা পেদ্রোকে দলে না রাখায় আনচেলত্তির সমালোচনা করেছেন সাবেক বিশ্বকাপজয়ী ডিফেন্ডার রবার্তো কার্লোস। তিনি বলেন, ‘পেদ্রোর মতো একজন মানসম্পন্ন ও বৈচিত্র্যপূর্ণ খেলোয়াড়কে বিশ্বকাপ দলে রাখা উচিত ছিল। সে স্ট্রাইকার হিসেবে খেলতে পারে, ফলস নাইন হিসেবে খেলতে পারে, আবার লেফট উইংয়েও দারুণ কার্যকর। তার মতো একজনকে বাদ দিয়ে চোটপ্রবণ নেইমারকে নেওয়া মোটেই ভালো সিদ্ধান্ত হয়নি। নেইমার তো এখন আর আগের মতো ধারালো নেই। অথচ পেদ্রো চেলসিতে দুর্দান্ত একটি মৌসুম পার করে এসেছে।’
কোচের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে রোনালদিনহো বলেন, ‘আনচেলত্তি সব সময় বৈচিত্র্যপূর্ণ ও স্মার্ট ফুটবলের কথা বলেন। অথচ সাম্প্রতিক সময়ে ব্রাজিলের সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ ও স্মার্ট ফুটবলারটিকেই তিনি বিশ্বকাপ দল থেকে বাদ দিয়ে দিলেন।’
সাবেক ডিফেন্ডার থিয়াগো সিলভার মতে, পেদ্রোকে বাদ দিয়ে ম্যাথিউস কুনিয়া বা ইগর থিয়াগোকে দলে নেওয়ার সিদ্ধান্তটি কোনোভাবেই যৌক্তিক নয়। চেলসিতে খেলা এই স্ট্রাইকার যেকোনো মুহূর্তে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারতেন বলে মনে করেন তিনি।
কিংবদন্তিরা কোচের ওপর ক্ষোভ ঝাড়লেও, জোয়াও পেদ্রো এই কঠিন বাস্তবতাকে মেনে নিয়েছেন। এক বিবৃতিতে চেলসি ফরোয়ার্ড জানান, ‘আমি সবসময় আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। দুর্ভাগ্যবশত, বিশ্বকাপে নিজের দেশের প্রতিনিধিত্ব করার এই স্বপ্নটা এবার পূরণ করা সম্ভব হলো না। তবে আমি শান্ত এবং নিজের কাজে মনোযোগী আছি, যেমনটা আমি সবসময় থাকার চেষ্টা করি। আনন্দ এবং হতাশা দুইই ফুটবলের অংশ।’
দলে জায়গা না পেলেও ব্রাজিলের হয়ে গলা ফাটানোর কথা জানিয়ে পেদ্রো বলেন, ‘এখন থেকে আমি স্কোয়াডে থাকা সবাইকে শুভকামনা জানাই। ব্রাজিলের ঘরে ষষ্ঠ বিশ্বকাপ (হেক্সা) আনার মিশনে আমিও এখন সাধারণ একজন সমর্থক হিসেবে তাদের জন্য গলা ফাটাব।’
১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হওয়া বিশ্বকাপে গ্রুপ ‘সি’ রয়েছে ব্রাজিল। ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্সা মিশনে নামবে তারা। ২০ জুন হাইতি ও ২৪ জুন গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল।
- বিষয় :
- ব্রাজিল
- বিশ্বকাপ ফুটবল
- জোয়াও পেদ্রো
