বিএসপিএ অ্যাওয়ার্ড
হামজা চৌধুরীর ত্রিমুকুট, রানার-আপ ঋতুপর্ণা ও আমিরুল
ছবি- বিএসপিএ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২২ মে ২০২৬ | ২০:২১
বাংলাদেশ ক্রীড়া সাংবাদিকদের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজিত ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫’-এর জমকালো আসরে সব আলো কেড়ে নিলেন তারকা ফুটবলার হামজা চৌধুরী। নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও হকি তারকা আমিরুল ইসলামকে পেছনে ফেলে ২০২৫ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের সর্বোচ্চ খেতাব জিতে নিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই পোস্টার বয়।
শুধু বর্ষসেরাই নন, ক্রীড়ামোদীদের বিপুল ভোটে তিনি জয় করেছেন ‘পপুলার চয়েজ অ্যাওয়ার্ড’ এবং একই সাথে জিতেছেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও। এই ‘ট্রেবল’ তথা ত্রিমুকুট জয়ের মাধ্যমে এবারের বিএসপিএ অ্যাওয়ার্ডসে একক আধিপত্য দেখালেন হামজা।
শুক্রবার (২২ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে জমকালো এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। পুরস্কার পাওয়ার পর এক ভিডিও বার্তায় নিজের অনুভূতি ব্যক্ত করে হামজা চৌধুরী বলেন, ‘আমি এই পুরস্কার পেয়ে খুবই গর্ববোধ করছি। কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড দেশের ঐতিহ্যবাহী পুরস্কার। আমি আমার পরিবার, কোচ, সতীর্থ ও বন্ধুদের এবং ফ্যানদের ধন্যবাদ জানাচ্ছি, সারা বছর ধরে আমাকে ও জাতীয় দলকে সাপোর্ট দেওয়া জন্য।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক। নিজের খেলোয়াড়ি জীবনের স্মৃতি চারণ করে তিনি বলেন, ‘বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনেক বছর ধরে হয়ে আসছে। আগে ফুটবলার হিসেবে এখানে আসতাম। এখন ক্রীড়ামন্ত্রী হিসেবে আসলাম। আমার মনে হয়, এটি আমাদের ক্রীড়াঙ্গণের অর্জন।’
১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়া পুরস্কারের প্রবর্তন করা বিএসপিএ এবার ১৬টি বিভাগে সর্বমোট ১৫ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করেছে।
একনজরে কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫-এর বিজয়ীরা:
বর্ষসেরা ক্রীড়াবিদ: হামজা চৌধুরী (চ্যাম্পিয়ন), ঋতুপর্ণা চাকমা (রানার-আপ), আমিরুল ইসলাম (রানার-আপ)।
পপুলার চয়েজ অ্যাওয়ার্ড: হামজা চৌধুরী।
বর্ষসেরা ফুটবলার: হামজা চৌধুরী ও ঋতুপর্ণা চাকমা।
বর্ষসেরা ক্রিকেটার: রিশাদ হোসেন।
বর্ষসেরা হকি খেলোয়াড়: আমিরুল ইসলাম।
বর্ষসেরা আর্চার: আব্দুর রহমান আলিফ।
বর্ষসেরা টেবিল টেনিস খেলোয়াড়: খই খই সাই মারমা।
বর্ষসেরা ব্যাডমিন্টন খেলোয়াড়: আল আমিন জুমার।
উদীয়মান ক্রীড়াবিদ: রিপন মন্ডল (ক্রিকেট)।
বর্ষসেরা কোচ: পিটার বাটলার (নারী ফুটবল)।
বর্ষসেরা আম্পায়ার: সেলিম লাকী (হকি)।
বর্ষসেরা সংগঠক: কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল (আর্চারি)।
তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব: আলমগীর কবীর (ক্রিকেট কোচ)।
বিশেষ সম্মাননা: শাহনাজ পারভীন মালেকা (কাবাডি কোচ)।
সেরা পৃষ্ঠপোষক: প্রাইম ব্যাংক পিএলসি।
সক্রিয় ফেডারেশন: বাংলাদেশ কাবাডি ফেডারেশন।
- বিষয় :
- বিএসপিএ
- হামজা চৌধুরী
