ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আর্তেতার চোখ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে

আর্তেতার চোখ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬ | ১২:৪২

২২ বছরের দীর্ঘ অপেক্ষা ফুরিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ট্রফি উঁচিয়ে ধরেছে আর্সেনাল। তবে ঐতিহাসিক এই ট্রফি জয়ের আনন্দ-অশ্রু মোছার আগেই শিষ্যদের সামনে নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন গানার্স কোচ মিকেল আর্তেতা। তার পরবর্তী লক্ষ্য, আগামী শনিবার বুদাপেস্টের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) হারিয়ে ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জেতা।

গত রাতে সেলহার্স্ট পার্কে ক্রিস্টাল প্যালেসকে ২-১ ব্যবধানে হারিয়ে ম্যানচেস্টার সিটির চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে থেকে লিগ শেষ করে আর্সেনাল। ম্যাচে গানার্সদের হয়ে গোল করেন গ্যাব্রিয়েল জেসুস ও নোনি মাদুয়েকে। ম্যাচ শেষে হাজারো উল্লসিত সমর্থকের সামনে লাল-সাদা ফিতা জড়ানো ট্রফিটি উঁচিয়ে ধরেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড।

টানা তিনবার রানার্সআপ হওয়ার পর অবশেষে আর্সেনালের ট্রফি খরা দূর করলেন আর্তেতা। পিঠে '২৬ চ্যাম্পিয়ন্স' লেখা জার্সি ও গলায় স্বর্ণপদক ঝুলিয়ে সংবাদ সম্মেলনে এসে এই স্প্যানিশ কোচ বলেন, ‘এটি ভাষায় প্রকাশ করা কঠিন। আমরা খুব কাছাকাছি গিয়েও তিনবার ব্যর্থ হয়েছিলাম, যা খুবই কষ্টের ছিল। তবে ওই কষ্টই আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলেছে। এখন এই চ্যাম্পিয়ন তকমা আমাদের অনেক আত্মবিশ্বাস দেবে।’

সাফল্যের চূড়ায় পৌঁছেই আত্মতুষ্ট হয়ে বসে থাকার পাত্র নন আর্তেতা। ২০০৬ সালের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে আর্সেনাল। গত মৌসুমে এই পিএসজির কাছেই সেমিফাইনালে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের। এবার সেই হিসাব চুকিয়ে ইতিহাস গড়ার প্রত্যয় আর্তেতার।

শিষ্যদের উদেশ্যে গানার্স বস বলেন, ‘আমি ছেলেদের বলেছি যে আমাদের এই ছন্দ ধরে রাখতে হবে। বুদাপেস্টে আমাদের কী করতে হবে এবং দলের ভেতরের অবিশ্বাস্য শক্তিকে কীভাবে কাজে লাগাতে হবে, তা নিয়ে ইতিমধ্যে কথা হয়েছে। ক্লাবের ইতিহাসে নতুন এক অধ্যায় লিখতে এবং চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি ছুঁয়ে দেখতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

আরও পড়ুন

×