ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জার্মানির হারানো ‘গৌরব’ ফেরানোর মিশনে উইর্টজ 

জার্মানির হারানো ‘গৌরব’ ফেরানোর মিশনে উইর্টজ 
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬ | ১৩:৩০

ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ খেলার অপেক্ষায় আছেন ফ্লোরিন উইর্টজ। সেই আসরকে স্মরণীয় করে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন জার্মানির এ অ্যাটাকিং মিডফিল্ডার। সম্প্রতি ফিফাডটকমে দেওয়া এক সাক্ষাৎকারে উইর্টজ বলেছেন, বিশ্বকাপ খেলা তাঁর ছেলেবেলার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের পাশাপাশি জার্মান সমর্থকদের সুন্দর একটি বিশ্বকাপ উপহার দিতে চান ২৩ বছরের এই তারকা।

গত দুটি আসর একদম ভালো কাটেনি জার্মানির। ২০১৪ সালে শিরোপাজয়ী দলটি গত দুটি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। এবার সেই বাজে দিনগুলো কাটিয়ে হারানো গৌরব ফিরিয়ে আনতে চান ফ্লোরিন উইর্টজ, ‘এটা সত্যি যে জার্মানির কাছে অনেক বেশি প্রত্যাশা থাকে। কারণ আমরা চারবারের বিশ্বচ্যাম্পিয়ন এবং অনেক আসরেই নিজেদের শক্তিশালী দল হিসেবে প্রমাণ করেছি। তবে গত দুটি আসর আমাদের ভালো যায়নি। আমরা এবার এই ধারাটা পাল্টে দিতে চাই। সেজন্য আমার ভূমিকা পালন করতে হবে এবং যেমনটা বলেছি, দলকে পথ দেখাতে ও এগিয়ে নিয়ে যেতে চাই।’ 

নিজের প্রথম বিশ্বকাপে ব্যক্তিগত লক্ষ্যের কথাও স্পষ্ট করে বলেছেন লিভারপুলের এই তারকা, ‘অবশ্যই দলকে ফাইনালে তুলতে চাই এবং শিরোপা জিততে চাই। সর্বোপরি আমার খেলার মাধ্যমে নজির তৈরি করতে হবে এবং সতীর্থদের অনুপ্রাণিত করতে চাই। আশা করছি, দলে প্রাণশক্তি সঞ্চার করতে পারব, গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারব এবং দলকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারব।’

জার্মানরা এবারের আসরের সেরা পাঁচ ফেভারিটের তালিকায় নেই। বিষয়টি তাদের জন্য ভালো হয়েছে বলেই অভিমত উইর্টজের, ‘শিরোপার দাবিদাররা সবসময়ই সবার নজরে থাকে। তবে গত কয়েক বছর ধরে আমরা যেভাবে খেলেছি, তাতে আমরা এবার সেই তালিকায় নেই। সত্যি বলতে, এটা আমাদের জন্য ইতিবাচক হয়েছে। কারণ আমাদের ওপর প্রত্যাশার চাপ নেই। আমরা মুক্তভাবে খেলতে পারব।’ 

কোচ ইউলিয়ান নাগলেশমানও নাকি তাঁকে স্বাধীনভাবে খেলতে উদ্বুদ্ধ করেন, ‘তিনি সবসময় আমাকে ভালো পজিশনে খেলানোর চেষ্টা করেন। সে সঙ্গে আমাকে মুক্তভাবে খেলার স্বাধীনতা দেন এবং আমার সিদ্ধান্তে আস্থা রাখেন। আমার খেলার অন্যতম শক্তিশালী দিক হলো প্রতিপক্ষের সীমানায় ফাঁকা জায়গা তৈরি করে ডিফেন্স চেরা পাস দেওয়া। স্বাধীনভাবে খেলতে পারলে আমি এটা পারি।’ গত মার্চে সুইজারল্যান্ডের বিপক্ষে ৪-৩ গোলে জেতা ম্যাচে স্বাধীনভাবে খেলেছিলেন বলেই নাকি জ্বলে উঠেছিলেন তিনি। সে ম্যাচে জোড়া গোল করার পাশাপাশি একটি গোল করিয়ে ছিলেন উইর্টজ।

চার বছর আগে কাতার বিশ্বকাপ খেলার কথা ছিল তাঁর। কিন্তু শেষ মুহূর্তে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। এবার বিশ্বকাপ স্বপ্ন পূরণ হওয়ার পথে তাঁর, ‘বিশ্বকাপের চেয়ে বড় কিছু নেই। ছোটবেলাতেই এটি নিয়ে স্বপ্ন দেখতাম। এবারের আসরে যদি খেলার সুযোগ পাই, যা হওয়ার সম্ভাবনাই বেশি, তাহলে সেটা হবে আমার শৈশবের স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার।’

আরও পড়ুন

×