ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গ্রুপ সেরা হতে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ সেরা হতে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ
×

ছবি- বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২৬ | ১৬:০৯ | আপডেট: ৩১ মে ২০২৬ | ১৬:১০

সাফ নারী চ্যাম্পিয়নশিপে ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ও স্বাগতিক ভারত। তবে শেষ চারের টিকিট মিললেও গ্রুপ সেরা হয়েই সেমিফাইনালে যেতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা। সেই লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে দক্ষিণ এশিয়ার এই দুই পরাশক্তি। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত আটটায় গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শুরু হবে গ্রুপ সেরা হওয়ার এই মহারণ। গোল ব্যবধানে সুবিধাজনক অবস্থানে থাকায় ভারতের জন্য কেবল একটি ড্র-ই যথেষ্ট। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে বাংলাদেশের সামনে জয়ের কোনো বিকল্প নেই।

ভারত ম্যাচে মাঠের চ্যালেঞ্জ নিয়ে তিনি বলেন, ‘এটা এমন একটা ম্যাচ যেখানে যেকোনো দলই খেলতে মুখিয়ে থাকবে। পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, মালদ্বীপের বিপক্ষে খেলার চেয়ে এ ধরনের ম্যাচগুলো অনেক বেশি কাঙ্ক্ষিত। অঞ্চলের সেরা দলগুলোর বিপক্ষে নিজেদের পরীক্ষা করার জন্য এগুলো দারুণ সুযোগ।’

দলের বর্তমান কন্ডিশন নিয়ে বাটলার আরও বলেন, ‘সবচেয়ে বড় কথা হলো, এই ম্যাচগুলো প্রমাণ করে যে আমাদের স্কোয়াডে প্রীতি, সাগরিকা, মৌমিতা কিংবা অর্পিতার মতো দুর্দান্ত খেলোয়াড় রয়েছে। আমাদের প্রতিভাবান তরুণ মেয়েরা উঠে আসছে এবং ভালো পারফর্ম করে দলের অন্যদের ওপর একটা সুস্থ প্রতিযোগিতা ও চাপ তৈরি করছে। তাই আমি মনে করি, আমাদের বর্তমান অবস্থানটা ঠিক কোথায়, তা দেখার এবং মাঠে গিয়ে ভালো ফুটবল খেলার জন্য এটি একটি দারুণ সুযোগ।’

গত ম্যাচে মাঝমাঠের অন্যতম ভরসা মনিকা চাকমা ও রক্ষণভাগের নির্ভরযোগ্য মুখ শিউলি আজিম খেলতে পারেননি। তবে আজ ভারতের বিপক্ষে এই দুই তারকারই শুরুর একাদশে ফেরার জোরালো সম্ভাবনা রয়েছে। গত ম্যাচে নিজের অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করে ডিফেন্ডার শিউলি আজিম বলেন, ‘আমার গত ম্যাচের আগের দিন থেকে বুকে তীব্র গ্যাস্ট্রিক ব্যথা ছিল, যার কারণে ওই ম্যাচটি খেলা হয়নি। তবে এখন আগের চেয়ে অনেকটাই ভালো বোধ করছি।’

স্বাগতিক ভারত সম্প্রতি এশিয়া কাপের মূল মঞ্চে খেলে আসায় কন্ডিশন ও শক্তিমত্তায় বেশ এগিয়ে। তবে প্রতিপক্ষকে সমীহ করলেও নিজের শিষ্যদের ওপর পূর্ণ আস্থা রাখছেন বাংলাদেশ কোচ, ‘আমরা এখন সম্পূর্ণ ভিন্ন একটি দল। আমরা আধুনিক ও ভালো ফুটবল খেলি। আমাদের বেশ কয়েকজন প্রতিভাবান তরুণ খেলোয়াড় উঠে আসছে। আমি শুধু নির্দিষ্ট এক-দুজনের ওপর পুরো জোর দিতে চাই না। আমি মনে করি, আমাদের দলে একাধিক প্রকৃত ম্যাচ উইনার রয়েছে। যেমন আনিকা খেললে মাঠে সম্পূর্ণ ভিন্ন মাত্রা যোগ হয়।’

ভারতের আক্রমণভাগকে আটকানোর পরিকল্পনা নিয়ে বাটলার বলেন, ‘ভারতের যেমন আক্রমণাত্মক মানসিকতা আছে, আমাদেরও তা আছে। যখন রক্ষণ সামলানোর প্রয়োজন হয়, আমরা তা করতে পারি। আবার যখন সুযোগ আসে, আমরা সুযোগ তৈরি করতে পারি। আসল ব্যাপার হলো তৈরি হওয়া সেই সুযোগগুলো কাজে লাগানো।’

আরও পড়ুন

×