ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফিনল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপের আগে জার্মানির হুঙ্কার

ফিনল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপের আগে জার্মানির হুঙ্কার
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬ | ১৩:১৬

উত্তর আমেরিকায় ২০২৬ ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র ১০ দিন। শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে প্রীতি ম্যাচে ফিনল্যান্ডের মুখোমুখি হয়েছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। যেখানে ফিনিশদের ৪-০ গোলের ব্যবধানে গুঁড়িয়ে প্রতিপক্ষ দলগুলোকে এক প্রকার হুঙ্কার দিয়ে রাখল হুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা।

ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই মাঠের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় ডাই মানশাফটরা। একের পর এক আক্রমণে ম্যাচের ৩৩ মিনিটে ডেনিজ অনডাভের হাত ধরে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় জার্মানি। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকেরা।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই আরও বেশি আক্রমণাত্মক রূপ নেয় জার্মানি। বিরতি থেকে ফেরার মাত্র দুই মিনিটের মাথায় ফ্লোরিয়ান উইর্টজ জাল কাঁপালে ব্যবধান দ্বিগুণ হয় সাদা জার্সিধারীদের। ফিনল্যান্ড এই ধাক্কা সামলে ওঠার আগেই ম্যাচের ৫৬ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোলটি উদযাপন করেন ইনফর্ম স্ট্রাইকার অনডাভ।

জার্মানির এই গোল উৎসবের শেষ পেরেকটি ঠোকেন বায়ার্ন মিউনিখের তারকা জামাল মুসিয়ালা। ম্যাচের ৬৭ মিনিটে দুর্দান্ত এক গোলে দলের ৪-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন এই মিডফিল্ডার। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে এমন দাপুটে জয় জার্মানির শতভাগ প্রস্তুতি ও শক্তির কথাই জানান দিল।

এবারের বিশ্বকাপের ড্র অনুযায়ী 'গ্রুপ ই'তে জার্মানির সঙ্গী হিসেবে রয়েছে আইভরি কোস্ট, ইকুয়েডর এবং কুরাসাও। আগামী ১৪ জুন টেক্সাসের হিউস্টনে নবাগত কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে জার্মানি। এরপর ২০ জুন টরন্টোতে আইভরি কোস্টের মুখোমুখি হবে তারা। আর ২৫ জুন নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের লড়াই শেষ করবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নেরা।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। টুর্নামেন্টের ইতিহাসে এবারই প্রথম রেকর্ড সর্বোচ্চ ৪৮টি দল অংশ নিতে যাচ্ছে বিশ্বমঞ্চের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে।

আরও পড়ুন

×