মা হারালেন শিউলি, শোকস্তব্ধ বাংলাদেশের অনুশীলন বাতিল
ছবি- বাফুফে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০২ জুন ২০২৬ | ১০:৩৭
সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ দল। ঠিক তখনই লাল-সবুজ শিবিরে নেমে এসেছে শোকের ছায়া। দলের অভিজ্ঞ ডিফেন্ডার শিউলি আজিমের মা বাসনা আজিম মারা গেছেন।
টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, নেপালের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচকে সামনে রেখে আজ সকাল ৭টায় বামবোলিম অ্যাথলেটিক গ্রাউন্ডে বাংলাদেশের অফিশিয়াল অনুশীলনের সূচি ছিল। মারগাঁও থেকে বেশ দূরের এই ভেন্যুতে যাওয়ার জন্য যখন ফুটবলাররা প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে শিউলি আজিমের মায়ের মৃত্যুর খবরটি দলের কাছে পৌঁছায়।
এই মর্মান্তিক খবরে পুরো দলের মধ্যে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। শোকাতুর এই পরিস্থিতিতে সকালের নির্ধারিত অনুশীলন সেশনটি বাতিল করার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। দলীয় সূত্র নিশ্চিত করেছে, আজ আর মাঠে কোনো অনুশীলন হবে না। অভিজ্ঞ সতীর্থের এই চরম দুঃসময়ে তার পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন মারিয়া মান্ডারা। দলের সকল খেলোয়াড় ও কর্মকর্তা শিউলি আজিম এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, বাংলাদেশের গত দুটি সাফ শিরোপা জয়ের পেছনে রক্ষণভাগে অন্যতম আস্থার প্রতীক ছিলেন শিউলি আজিম। হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার মিশনে ভারতের গোয়ায় আসা বর্তমান দলটির সবচেয়ে সিনিয়র ও বর্ষীয়ান খেলোয়াড় তিনি। বুকের ব্যথার কারণে মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামা হয়নি তার। ভারতের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে ফিরলেও সেই ম্যাচেও প্রধান কোচ পিটার বাটলার তাকে একাদশে রাখেননি।
আগামীকাল বুধবার ফাইনালে ওঠার লড়াইয়ে চিরচেনা প্রতিপক্ষ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। অনুশীলন বাতিল হলেও পূর্বের অভিজ্ঞতা এবং মানসিক শক্তিকে পুঁজি করেই সেমিফাইনালের মেগা ম্যাচে লড়াইয়ে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা।
- বিষয় :
- নারী ফুটবল
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ
