ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিসিবির প্রতিনিধিত্ব করতে আইসিসিকে বুলবুলের নোটিশ

বিসিবির প্রতিনিধিত্ব করতে আইসিসিকে বুলবুলের নোটিশ
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ১৩:১০

সভা শুরুর ২৪ ঘণ্টা আগে আমিনুল ইসলাম বুলবুলের আইনজীবীর কাছ থেকে নোটিশ পেয়েছে আইসিসি। তাতে লেখা হয়েছে নির্বাচিত ও বৈধ সভাপতি হিসেবে আইসিসি সভায় বিসিবির প্রতিনিধিত্ব করবেন বুলবুল। আইসিসির কাছে ওই নোটিশ গুরুত্ব না পেলেও পরিস্থিতি পর্যবেক্ষণ করতে তড়িঘড়ি করে ভারতে অনুষ্ঠিত সভায় যোগ দিতে হয়েছিল বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরীকে। সভা শেষে সিইওর সঙ্গেই সোমবার ঢাকায় এসেছিলেন ড. মুসাজি ও তেভেনগুয়া মুকুলানি। 

ঢাকায় পৌঁছে বিসিবি অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল ও সদস্য ফাহিম সিনহার সঙ্গে বৈঠক করেন। তামিমের কাছ থেকে বর্তমান নির্বাচন নিয়ে জানতে চাইলেও ফাহিমের কাছ থেকে আগের অভিজ্ঞতাও শুনেছেন তারা। কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনের সঙ্গেও বসেছিল প্রতিনিধি দল। গতকাল মঙ্গলবার বুলবুলের পরিচালনা পর্ষদের চার পরিচালক নাজমুল ইসলাম, আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর ও হাসানুজ্জামানের সঙ্গে বসেছিলেন। মিটিং হয়েছে নির্বাচন কমিশন, জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের সঙ্গেও। 

সবকিছু নোট নিয়ে আজ দুবাই ফেরত যাওয়ার কথা প্রতিনিধি দলের। বিসিবির একজন শীর্ষ কর্তা জানান, আইসিসি প্রতিনিধি দল ঢাকায় এসেছে মূলত বুলবুলের কমিটি ভেঙে দেওয়া, এনএসসির তদন্ত এবং অ্যাডহক কমিটির নির্বাচন সম্পর্কে পর্যবেক্ষণ করতে। প্রতিনিধি দলের রিপোর্টের ওপর ভিত্তি করে আইসিসি বাংলাদেশের ক্রিকেট প্রশাসনের বাস্তবতা বোঝার চেষ্টা করবে বলে জানা গেছে। 

যদিও বুলবুলের প্যানেল থেকে আইনজীবীর লিখিত বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, পূর্বের নির্বাচিত কমিটি ভেঙে দেওয়ার তদন্ত করতে এসেছে আইসিসি প্রতিনিধি দল। এ ব্যাপারে আইসিসিতে যোগাযোগ করা হলে মিডিয়া বিভাগের একজন কর্মকর্তা জানান, বর্তমান ও অতীত দুই বিষয়ে ধারণা নিতেই প্রতিনিধি দলের এ বাংলাদেশ সফর।

আরও পড়ুন

×