‘আন্ডারডগ’ ব্রাজিলে খুশি ক্যাসেমিরো
ক্যাসেমিরো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ১৬:০৪
সর্বশেষ ২০০২ সালে বিশ্বকাপের শিরোপা জিতেছিল ব্রাজিল। হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে পরের আসরগুলোতে খেললেও ফাইনাল পর্যন্ত যেতে পারেনি সেলেকাওরা। ২৪ বছর ধরে শিরোপাহীন থাকা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের এই সময়ে সেরা সাফল্য ২০১৪ সালে সেমিফাইনাল খেলা। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠেয় এবারের বিশ্বকাপেও সেরা অবস্থায় নেই ব্রাজিল। বাজির দরে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন, ২০১৮ বিশ্বকাপজয়ী ও গতবারের রানার্সআপ ফ্রান্স এবং ১৯৬৬ বিশ্বকাপজয়ী দেশ ইংল্যান্ডের চেয়ে পিছিয়ে নেইমার-লুকাস পাকুয়েতেরা। বলা যায়, উত্তর আমেরিকা বিশ্বকাপে আন্ডারডগ হিসেবেই খেলতে যাচ্ছে ব্রাজিল। ফেভারিট না হওয়াতে ব্রাজিলের জন্য ভালো হয়েছে বলে মনে করেন ক্যাসেমিরো। পিছিয়ে থাকাটাই জ্বলে উঠতে সহায়তা করবে বলে বিশ্বকাপ অভিযানে যুক্তরাষ্ট্রে পৌঁছে ফিফা মিডিয়া চ্যানেলের সঙ্গে জানিয়েছেন অভিজ্ঞ এ মিডফিল্ডার– ‘আমরা বড় ফেভারিট নই। তবে আমরা ভালো অবস্থায় আছি; আমাদের দল শক্তিশালী, যেখানে অভিজ্ঞ এবং তরুণ প্রতিভার মিশ্রণ রয়েছে। হয়তো এবার আমরা এক ধাপ পিছিয়ে আছি, কিন্তু এটিই আমাদের সতর্ক রাখবে এবং এটা সব সময়ই একটা ভালো ব্যাপার। আমরা ভালো অবস্থায় সেখানে যেতে চাই এবং একটি দুর্দান্ত বিশ্বকাপ খেলতে চাই।’ ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ব্রাজিল। গ্রুপ ‘সি’তে তাদের বাকি দুই প্রতিপক্ষ হাইতি এবং স্কটল্যান্ড।
বিশ্বকাপ বাছাইপর্বে অনেক চড়াই-উতরাই পার হতে হয়েছিল ব্রাজিলকে। শেষ পর্যন্ত চূড়ান্ত পর্বের টিকিট কাটলেও সেরা ছন্দে ছিল না সেলেকাওরা। দলের পারফরম্যান্সের মতো গত এক-দেড় বছরে বেশ কিছু পালাবদলের মধ্য দিয়ে যেতে হয়েছে ব্রাজিলের ফুটবল ও জাতীয় দলকে। এখনকার কোচ কার্লো আনচেলত্তির দায়িত্বও খুব বেশি সময়ের নয়। এসব বাস্তবতা তুলে ধরলেন ক্যাসেমিরো। তবে সবকিছুর পরও বিশ্বকাপে ভালো করার প্রত্যয় এই মিডফিল্ডারের কণ্ঠে, ‘কোচ পরিবর্তন, প্রেসিডেন্ট পরিবর্তন এবং অনেক অস্থিরতার কারণে কঠিন সময় পার হতে হয়েছে আমাদের। এই কোচের সঙ্গে আমরা মাত্র এক বছর কাজ করেছি। ফুটবলে তাঁর অভিজ্ঞতা দারুণ, কিন্তু বাস্তবে আমরা একসঙ্গে মাত্র ৪০ দিন কাজ করেছি। তবে আমি মনে করি, আমরা দুর্দান্ত ফর্মে থেকে টুর্নামেন্টে নামব। আমাদের দলে মানসম্পন্ন ফুটবলার, অভিজ্ঞ ফুটবলার, উদ্যমী ফুটবলার এবং তরুণ ফুটবলার রয়েছে। আমি মনে করি, এই প্রতিযোগিতার জন্য আমাদের একটি ভালো মিশ্রণ আছে।’
- বিষয় :
- ব্রাজিল
