সংবাদ সম্মেলনে স্কালোনি
আর্জেন্টিনা সবসময়ই ফেভারিট
ছবি: সমকাল ইপেপার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ০৮:১৯ | আপডেট: ০৭ জুন ২০২৬ | ১০:০৭
| প্রিন্ট সংস্করণ
তিন থেকে এক লাফে শীর্ষে উঠে বিশ্বকাপের গা গরমের ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা। আজ সকালে টেক্সাসের বিপক্ষে মাঠে নামার কথা আর্জেন্টিনার। এ ম্যাচের আগে ফিফা র্যাঙ্কিংয়ের উন্নতিতে খুব বেশি খুশি হতে পারছেন না আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। বরং তাঁর সমস্ত চিন্তা দলের ইনজুরিতে আক্রান্ত একাধিক ফুটবলারকে নিয়ে। আগামী এক সপ্তাহের মধ্যে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে তাঁর দল। বাংলাদেশ সময় ১০ জুন সকাল সাড়ে ৬টায় মেসিরা নামবেন আইসল্যান্ডের বিপক্ষে। মূলত ম্যাচের পর চোটাক্রান্ত স্কোয়াড নিয়ে একটা সিদ্ধান্ত নেবেন আর্জেন্টাইন কোচ।
‘মেসি ভালো আছে। কিছুদিন সে দলের বাইরে চিকিৎসকদের সঙ্গেই বেশি সময় কাটিয়েছে। এখন সে আর আলাদা নেই, দলের সঙ্গে আছে। তবে দলের মধ্যে কারও যদি ম্যাচ খেলার জন্য ন্যূনতম ফিটনেসের সমস্যা থাকে, তাহলে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হবে। চোটাক্রান্ত খেলোয়াড়দের জন্য আগামী সপ্তাহটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে।’ হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে নামার আগে এভাবে সংবাদ সম্মেলনে নিজের কঠোর অবস্থানের কথা জানিয়ে দেন স্কালোনি। সতর্কবার্তার সঙ্গে এদিন আশার কথাও শুনিয়েছেন তিনি। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল এবারের আসরেও আর্জেন্টিনা ফেভারিট কিনা?
উত্তরে কাতারে দেখা সেই আত্মবিশ্বাসী স্কালোনি, ‘আর্জেন্টিনা সব সময়ই ফেভারিট ছিল। মানুষ সব সময়ই বিশ্বাস করে যে এ দলটি তাদের সর্বোচ্চটা দিয়ে খেলবে। আমরা চ্যাম্পিয়ন হয়েছি বলেই যে আমাদের প্রত্যাশা বদলে গেছে, তেমনটা নয়। এই ছেলেরা প্রত্যাশার এই চাপ সামলাতে সক্ষম, যদি এটাকে আদতে চাপ বলাই হয়ে থাকে। কারণ আমার মতে, চাপ জিনিসটা সম্পূর্ণ ভিন্ন কিছু।’
আর্জেন্টিনা দলে এই মুহূর্তে ছোটখাটো চোট রয়েছে একাধিক খেলোয়াড়ের। এ তালিকায় আছেন নিকো গঞ্জালেস, কুটি রোমেরো, নিকো পাজ, এমিলিয়ানো মার্টিনেস, নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল, লেয়ান্দ্রো পারেদেস ও হুলিয়ান আলভারেস। এদের বেশির ভাগ ইউরোপিয়ান লিগের মৌসুম শেষে কোনো না কোনো চোট পেয়েছেন। তবে স্কালোনির আশা, আগামী সপ্তাহের পরীক্ষায় সবাই উতরে যাবেন। ১১ জুন থেকে বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার প্রথম ম্যাচ আলজেরিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় ১৭ জুন সকাল ৭টায়। তার আগে এই দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ মিলেছে মেসিদের। স্কালোনির মতো হন্ডুরাস দলটির সঙ্গে আলজেরিয়ার কিছুটা মিল রয়েছে। তাই এই ম্যাচেই কিছু পরীক্ষা-নিরীক্ষার ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনার কোচ।
‘হন্ডুরাস দলটির দায়িত্বে আছেন আমার একজন ভালো বন্ধু হোসে মলিনা, যে দেপোর্তিভো লা করুনায় আমার সতীর্থ ছিল। কিছু দিক থেকে আলজেরিয়ার সঙ্গে তাদের মিল রয়েছে। আমরা সেভাবেই ম্যাচটির পরিকল্পনা সাজাব এবং আশা করছি, এ ম্যাচ থেকে পাওয়া অভিজ্ঞতা আমাদের বিশ্বকাপের প্রথম ম্যাচে কাজে দেবে।’ স্কোয়াড বদলের হুঁশিয়ারি দিলেও দলে এখনও নতুন কাউকে ডাকেননি স্কালোনি। এদিন তিনি এটাও জানিয়ে দেন, আর্জেন্টিনার ফুটবলের যে সৌন্দর্য, তা থেকে সরে আসবেন না তিনি। ‘আমাদের খেলার একটি সুনির্দিষ্ট শৈলী বা স্টাইল আছে এবং আমরা তার সঙ্গে কোনো আপস করব না। তবে প্রয়োজন হলে খেলার ধরন পরিবর্তন করার মতো খেলোয়াড়ও আমাদের স্কোয়াডে আছে।’
- বিষয় :
- ফুটবল
