ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মোসাদ্দেকের ফিফটি, দ্রুত ফিরলেন মিরাজ

মোসাদ্দেকের ফিফটি, দ্রুত ফিরলেন মিরাজ
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬ | ১২:৩০ | আপডেট: ০৯ জুন ২০২৬ | ১৪:৪৪

হৃদয় ও মিরাজের দ্রুত বিদায়ে ওয়ানডে ম্যাচে কিছুটা চাপে পড়েছে বাংলাদেশ। তবে চার বছর পর জাতীয় দলে ফিরেই ব্যাট হাতে দুর্দান্ত এক প্রত্যাবর্তন রাঙিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। চাপের মুখে তুলে নিয়েছেন ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি।

দলীয় ১৪০ রানে ৪ উইকেট হারিয়ে যখন বাংলাদেশ ধুঁকছিল, তখন দলের হাল ধরেন তাওহিদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন সৈকত। এই দুজন মিলে ৫১ বলে ৫০ রানের জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে রক্ষা করেন। মোসাদ্দেক শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলছিলেন। ৩১ বলে ৩৭ রান করার পথে তিনি দুটি চার ও দুটি ছক্কা হাঁকান।

তবে ইনিংসের শুরু থেকেই খুব একটা সুবিধা করতে পারছিলেন না হৃদয়। ৫১ বলের ইনিংসে বাউন্ডারি মারতে পেরেছেন কেবল একটি। বার্টলেটের স্লোয়ার বলে এলিসের হাতে ক্যাচ দিয়ে ৩১ রান করে সাজঘরে ফেরেন হৃদয়। 

হৃদয় ফিরে গেলেও ৩৭.৩ ওভারে দলীয় ২০০ রান পার করে বাংলাদেশ। এর মধ্যেই আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি পূরণ করেন মোসাদ্দেক। এর আগে ৩৫ ইনিংসে তার ফিফটি ছিল মাত্র ৩টি। জীবন পাওয়ার পরের বলেই অবশ্য বড় ধাক্কা খায় বাংলাদেশ। মোসাদ্দেকের ফিফটি উদযাপনের পরের বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়েন মেহেদী হাসান মিরাজ। আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি তার। ১২ বল খেলে মিরাজ করেছেন মাত্র ৩ রান। 

লিটনকে ফিরিয়ে জুটি ভাঙলেন রেনশ

আগের ওভারেই জীবন পেয়েছিলেন লিটন কুমার দাস। তবে সেই ভাগ্যের সুবিধা আর বেশি দূর নিয়ে যেতে পারলেন না এই ডানহাতি ব্যাটার। ম্যাট রেনশর বলে উইকেট ছেড়ে বেরিয়ে এসে মিড-অফ দিয়ে ওড়াতে চেয়েছিলেন তিনি। কিন্তু টাইমিং ঠিকঠাক না হওয়ায় বোলার রেনশ নিজেই চমৎকার এক ক্যাচ লুফে নেন। ফলে ৯ বলে মাত্র ৭ রান করেই সাজঘরে ফিরতে হয় লিটনকে।

লিটনের বিদায়ের পর উইকেটে এসেছেন নতুন ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। ২৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৩৬ রান। ৬৫ রান খেলছেন নাজমুল হোসেন শান্ত এবং তার সঙ্গে ৪ রানে অপরাজিত আছেন হৃদয়।

তানজিদের পর শান্তর হাফ সেঞ্চুরি

তানজিদ ফেরার পর ৫৭ বলে হাফ সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার ১২তম হাফ সেঞ্চুরি।

হাফ সেঞ্চুরির পর ফিরলেন তানজিদ

ফিফটি পেরোনোর পর আউট হয়ে গেছেন তানজিদ তামিম। সাইফের মতো তার উইকেটও নিয়েছেন নাথান এলিস। তার স্লোয়ারে তানজিদ ক্যাচ দিয়েছেন। ৪৪ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৪ রান করেছেন। ১৬ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১০২। ৫০ রানে ব‍্যাট করছেন তানজিদ। ৪৬ রানে খেলছেন শান্ত।

তানজিদ তামিম। ছবি- বিসিবি

তানজিদের ঝড়ো ফিফটি, একশো পার করল বাংলাদেশ

মাত্র ৪১ বলে দারুণ এক ফিফটি তুলে নিয়েছেন তানজিদ তামিম। চলতি বছর ওয়ানডেতে তার ফর্ম রয়েছে দুর্দান্ত। এ বছর খেলা ৭টি ওয়ানডের মধ্যে এটি তাঁ চতুর্থ পঞ্চাশ পেরোনো ইনিংস, যার মধ্যে একটিকে তিনি সেঞ্চুরিতেও রূপ দিয়েছিলেন। সব মিলিয়ে ওয়ানডে ক্যারিয়ারে এটি তানজিদের সপ্তম ফিফটি।

তানজিদের পঞ্চাশ ছোঁয়ার পরপরই দলীয় শতক পার করেছে বাংলাদেশ দল। ১৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০২ রান।

এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সফরকারী অধিনায়ক জস ইংলিস। ফলে মেহেদী হাসান মিরাজের দল আগে ব্যাটিং করছে। 

এই সিরিজের বাংলাদেশের স্কোয়াডে বছর পর জাতীয় দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন। এবার তিনি প্রথম ওয়ানডের একাদশেও যুক্ত হয়েছেন। এর আগে ২০২২ সালের আগস্টে সর্বশেষ মাঠে নেমেছিলেন এই স্পিন অলরাউন্ডার। মোসাদ্দেককে জায়গা করে দিতে একাদশ থেকে বাদ পড়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডেতে খেলা সৌম্য সরকার। এদিকে আজ একাদশে নেই লেগস্পিনার রিশাদ হোসেন। আছেন বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম। বাংলাদেশ একাদশ সাজিয়েছে ৩ পেসার, ৩ স্পিনার, ৫ ব্যাটার ও ২ অলরাউন্ডার নিয়ে।

এই ম্যাচ দিয়েই অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে লিয়াম স্কটের। ডানহাতি এই পেস অলরাউন্ডার ৩৯টি প্রথম শ্রেণি এবং ২০টি লিস্ট এ ম্যাচ খেলেছেন।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানভীর ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ: জশ ইংলিস (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কপার কনলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।

আরও পড়ুন

×