জামাল ভূঁইয়া
ব্রাজিলকে কঠিন পরীক্ষায় ফেলবে মরক্কো
জামাল ভূঁইয়া
জামাল ভূঁইয়া
প্রকাশ: ১৩ জুন ২০২৬ | ০৯:৪৬ | আপডেট: ১৩ জুন ২০২৬ | ১৬:৫৫
শুরুতে প্রথম দুটি ম্যাচের কথাই বলি। আমার মন ভরে গেছে দক্ষিণ কোরিয়া এবং চেক প্রজাতন্ত্রের ম্যাচটি দেখে। পিছিয়ে পড়েও কোরিয়া যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তা এক কথায় অবিশ্বাস্য! আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেক্সিকোর জয়টা অনুমেয়ই ছিল। ম্যাচটি মেক্সিকোর মাঠে হওয়াতে বাড়তি সুবিধা ছিল। যে পারফরম্যান্স করেছে আমার বিশ্বাস, মেক্সিকো শেষ বত্রিশে যাবে। আবার দক্ষিণ আফ্রিকার সুযোগ এখনও আছে।
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য আসল বিশ্বকাপ শুরু হবে কাল রোববার। মাঠে নামছে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য কঠিন হবে। বলতে পারেন, প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষায় পড়তে যাচ্ছে কার্লো আনচেলত্তির দল। এই মরক্কো কাতার বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল, আফ্রিকান নেশন্স কাপের রানার্সআপ তারা। আফ্রিকান দল হিসেবে মরক্কোর কাছে সবার প্রত্যাশাও বেশি। এই দলে আশরাফ হাকিমি, ব্রাহিম দিয়াজ, গোলরক্ষক বুনোর মতো তারকারা আছেন।
এটা ঠিক মরক্কোর বিপক্ষে ব্রাজিলই ফেভারিট। ব্রাজিলের একজন ভক্ত হিসেবে যদি সত্যি কথা বলতে হয় তাহলে আমি বলব, এই দলে আগের মতো মানসম্পন্ন ফুটবলার নেই। ভিনিসিয়ুস জুনিয়র, ক্যাসেমিরো, মার্কুইনহোস, রাফিনহা, গোলক্ষক অ্যালিসন ছন্দে আছেন। শুধু নাম্বার নাইনের ঘাটতি আছে দলটির। আর নেইমারের ইনজুরি ব্রাজিলের জন্য বড় দুশ্চিন্তা।
নেইমার মরক্কোর বিপক্ষে খেলতে পারবেন না। সম্ভবত দ্বিতীয় ম্যাচ থেকে তিনি ফিরবেন। নেইমার যদি ফিট থাকেন, তাহলে অবশ্য ব্রাজিলের সেরা খেলোয়াড় তিনি। ব্রাজিলের বড় শক্তি দলটির কোচ কার্লো আনচেলত্তি। যদি ইতিহাস দেখা হয়, তাহলে কোনো দলের বিদেশি কোচ চ্যাম্পিয়ন হতে পারেননি। আনচেলত্তির সামনে এই রেকর্ডটা ভাঙার সুযোগ। অনেক অভিজ্ঞতাসম্পন্ন কোচ তিনি। বড় বড় ক্লাবে কোচিং করানোর অভিজ্ঞতা আছে তাঁর। এসি মিলান, জুভেন্তাস, চেলসি এবং রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে কাজ করা আনচেলত্তি জানেন কোন ম্যাচে কেমন কৌশল নিতে হবে।
ব্রাজিলিয়ানরা বিশ্বাস করেন, এই আনচেলত্তি তাদের বিশ্বকাপ এনে দিতে পারবেন। আনচেলত্তির সবচেয়ে বড় ইফেক্ট হচ্ছে, তাঁর ম্যান ম্যানেজমেন্ট অসাধারণ। বড় প্লেয়ারকে কীভাবে ম্যানেজ করতে হয়, সেটা ভালো করেই জানা আছে তাঁর। কীভাবে ট্রিট করতে হবে, কীভাবে কথা বলতে হবে, সবকিছুই জানা আছে আনচেলত্তির।
গ্রুপে ব্রাজিলের জন্য কঠিন চ্যালেঞ্জ জানাবে মরক্কো। হাইতি এবং স্কটল্যান্ড তুলনামূলক সহজ হবে। আর প্রথম ম্যাচটি মরক্কোর বিপক্ষে বলে ব্রাজিলকে সতর্ক থাকতে হচ্ছে। ব্রাজিল যদি প্রথম ৬০ মিনিটে গোল করতে না পারে, আমি মনে করি, তারা চাপে পড়ে যাবে। কারণ, মরক্কোর রক্ষণভাগ অনেক শক্তিশালী। সে ক্ষেত্রে ব্রাজিল অনেক চাপ সৃষ্টি করে খেলার চেষ্টা করবে, তখন মরক্কো কাউন্টার অ্যাটাকে খেলবে। দেখা গেলে, ওই মুহূর্তে ব্রাজিল গোলও হজম করতে পারে।
জামাল ভূঁইয়া: জাতীয় ফুটবল দলের অধিনায়ক
- বিষয় :
- জামাল ভূঁইয়া
- ব্রাজিল
- বিশ্বকাপ ফুটবল
- মরক্কো