ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

কাতারের বাজিমাত, সুইজারল্যান্ডের সঙ্গে ড্র

কাতারের বাজিমাত, সুইজারল্যান্ডের সঙ্গে ড্র
×

ছবি: সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ০৩:১৮ | আপডেট: ১৪ জুন ২০২৬ | ০৩:২৬

ম্যাচ প্রায় শেষ। সুইজারল্যান্ড জিতে গেছে ধরে নিয়ে অনেকেই টিভি সেটের সামনে থেকে উঠে গিয়েছিলেন হয়তো। সেই মুহূর্তেই ঘটে অবিশ্বাস্য ঘটনা। কাতারের খাউকি হেডে গোল করেন। ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে হয়েছে গোলটি।   

যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোয় সুইজারল্যান্ড প্রথমার্ধ শেষ করে ১–০ গোলে এগিয়ে থেকে। খেলার মানে কাতার ও সুইজারল্যান্ডের পার্থক্যটা যে অনেক, ম্যাচের প্রথম থেকেই তা ছিল পরিষ্কার। বলের দখল বা আক্রমণ কোথাও সেভাবে দেখা মিলছিল না কাতারের। ইউরোপের দেশ সুইজারল্যান্ড স্রোতের মতো আক্রমণ করায় কাতারের প্রতিরোধের দেয়ালে চিঁড় ধরতে বেশি সময় লাগেনি। 

কাতারের গোলরক্ষকের ভুলে ১৪ মিনিটে পেনাল্টি পেয়ে যায় সুইজারল্যান্ড। ব্রিল এমবোলোর হেডের বল নিচে নেমে এলে ছুটে যান রেমে ফ্রয়েলার। বলে টোকা দেওয়ার মুহূর্তে কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা ফাউল করে তাঁকে। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি বাতিলের দাবিতে রেফারিকে ঘিরে ধরেন কাতারের খেলোয়াড়রা। ভিএআর চেক করে বহাল রাখেন সিদ্ধান্ত। 

গোলরক্ষক বিলম্ব করায় হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন রেফারি। ১৭ মিনিটে ঠান্ডা মাথায় প্লেসিং শটে পেনাল্টি থেকে গোল করে সুইজারল্যান্ডকে এগিয়ে নেন এমোবোলো। ১–০ গোলে এগিয়ে থেকে ম্যাচে পাল্লা দেয় দলটি। যদিও প্রথমার্ধে গোল বাড়াতে পারেনি সুইসরা। কাতারের পক্ষেও গোল শোধ দেওয়া সম্ভব হয়নি। 

বিশ্বকাপের ‘বি’ গ্রুপের দল কাতার ও সুইজারল্যান্ড। কাতার প্রথম বিশ্বকাপ খেলে ২০২২ সালে স্বাগতিক কোটায়। সেবার দেশের মাটিতে গ্রুপের তিনটি ম্যাচই হেরেছে তারা। এবার ৪৮ দলের বিশ্বকাপ খেলছে নিজেদের যোগ্যতায়। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোয় সুইজারল্যান্ডের সঙ্গে পাল্লা দিয়ে পেরে উঠছে না এশিয়ার দলটি। 

ইউরোপের ফুটবলে সুইসরা অন্যতম শক্তিশালী একটি দল। ফিফা ফুটবল বিশ্বকাপে ১৩ বার খেলছে তারা। ১৯৩৪, ১৯৩৮ ও ১৯৫৪ সালে অনুষ্ঠিত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছে দেশটি। 

সুইসরা ১৯৩৪ সালে ইতালিতে, ১৯৩৮ সালে ফ্রান্সে, ১৯৫০ সালে ব্রাজিলে, ১৯৫৪ সালে সুইজারল্যান্ডে, ১৯৬২ সালে চিলি, ১৯৬৬ ইংল্যান্ড, ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র, ২০০৬ সালে জার্মানি, ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা, ২০১৪ সালে ব্রাজিল, ২০১৮ সালে রাশিয়া, ২০২২ সালে কাতার বিশ্বকাপে খেলেছে। এবার ১৩তম বিশ্বকাপ খেলছে তারা।

আরও পড়ুন

×