ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

তুরস্ককে উড়িয়ে অস্ট্রেলিয়ার দুর্দান্ত সূচনা

তুরস্ককে উড়িয়ে অস্ট্রেলিয়ার দুর্দান্ত সূচনা
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ১২:২৭ | আপডেট: ১৪ জুন ২০২৬ | ১২:৩৪

কানাডার ভ্যাঙ্কুবারের জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে অস্ট্রেলিয়া। তরুণ ফরোয়ার্ড নেস্টোরি ইরাকুন্ডার অভিষেক এবং কনর মেটকাফের গোলে তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়েছে সকারুজরা। পুরো ম্যাচে তুরস্ক আক্রমণের পসরা সাজালেও অজিদের জমাট রক্ষণভাগ ও কাউন্টার অ্যাটাকে শেষ পর্যন্ত নতিস্বীকার করতে বাধ্য হয়।

ম্যাচের শুরু থেকে রক্ষণাত্মক ও গোছানো ফুটবল খেলছিল দুই দলই। তবে ম্যাচের ২৮তম মিনিটে তুরস্কের ডিফেন্সকে বুড়ো আঙুল দেখিয়ে ডেডলক ভাঙেন অস্ট্রেলিয়ার ডেবিউট্যান্ট ফরোয়ার্ড নেস্টোরি ইরাকুন্ডা। মাঝমাঠ থেকে ওকন-এঙ্গস্টলারের বাড়ানো লং বল তুরস্কের বক্সের ঠিক বাইরে নিয়ন্ত্রণে নেন ইরাকুন্ডা। এরপর চোখের পলকে এক ডিফেন্ডারকে ড্রিবলিংয়ে পরাস্ত করে বুলেট গতির শটে তুর্কি গোলরক্ষক চাকিরকে পরাস্ত করেন তিনি। বিশ্বকাপ অভিষেকেই এই তরুণের এমন গোল গ্যালারিতে থাকা অজি সমর্থকদের বুনো উল্লাসে মাতায়।

১-০ গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে তুরস্ক। রিয়াল মাদ্রিদ তারকা আরদা গুলের ও হাকান চালহানোগ্লুর নেতৃত্বে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে একের পর এক আক্রমণ শানাতে থাকে তারা। ম্যাচের ৩০ মিনিটে বক্সের বাইরে থেকে বারদাকচির নেওয়া একটি শট রুখে দেন অজিদের গোলরক্ষক বিচ। তার হাতে লেগে বল পোস্টে লেগে প্রতিহত হলে নিশ্চিত সমতা রক্ষা পায় অস্ট্রেলিয়া। প্রথমার্ধের শেষ দিকে গোলের জন্য অলআউট আক্রমণে গেলেও অস্ট্রেলিয়ার জমাট ডিফেন্স ভাঙতে পারেনি তুরস্ক। ফলে ১-০ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় অস্ট্রেলিয়া।

বিরতি থেকে ফিরে ব্যবধান কমাতে মরিয়া হয়ে ওঠে তুর্কিরা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একের পর এক সুযোগ তৈরি করতে থাকে তারা। কিন্তু জালের দেখা পাচ্ছিল না আরদা গুলেররা। ম্যাচের ৭৫তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে তুরস্কের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয় সকারুজরা। বক্সের প্রান্ত থেকে দুর্দান্ত শটে বল জালে জড়ান মিডফিল্ডার কনর মেটকাফ। এতে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা।

এই জয়ের পর ৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে গ্রুপ ‘ডি’এর টেবিলের শীর্ষে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের ঠিক পেছনেই অবস্থান করছে অস্ট্রেলিয়া। আগামী ১৯ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে সহ-স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে সকারুজরা। অন্যদিকে, প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে চলে যাওয়া তুরস্ক একই দিনে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে লড়াই করবে প্যারাগুয়ের বিপক্ষে।

আরও পড়ুন

×