ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

বার্সার সাবেক ডিফেন্ডারকে দলে ভেড়াল রিয়াল

বার্সার সাবেক ডিফেন্ডারকে দলে ভেড়াল রিয়াল
×

রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি করেছেন বার্সার সাবেক ডিফেন্ডার। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ২১:৩২ | আপডেট: ১৫ জুন ২০২৬ | ২২:০৬

চেলসির স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা একাডেমি লা মাসিয়ার সাবেক খেলোয়াড় তিনি। কাতালানদের হয়ে কোপা দেল রে’তে একটি ম্যাচও খেলেছেন।

কুকুরেয়ার সঙ্গে রিয়ালের চুক্তির মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত। কত খরচ হয়েছে লস ব্লাঙ্কোস শিবির থেকে তা পরিষ্কার করা হয়নি। তবে সংবাদ মাধ্যম ইএসপিএন জানিয়েছে, ৬০ মিলিয়ন ইউরো দিতে হয়েছে প্রিমিয়ার লিগের দল চেলসিকে। যার মধ্যে ৫ মিলিয়ন ইউরো এডঅন্স। 

কুকুরেয়া রিয়াল মাদ্রিদের গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমের প্রথম আনুষ্ঠানিক চুক্তি। যদিও লা লিগার দলটি ইন্টার মিলান থেকে ডাচ ডিফেন্ডার ডেঞ্জেল ডামফ্রিজ এবং ফ্রি এজেন্টে ম্যানসিটি থেকে পর্তুগিজ মিডফিল্ডার বেনার্ড সিলভা ও লিভারপুল থেকে ইব্রাহিম কোনাতেকে কিনেছে বলে দাবি করেছে সংবাদ মাধ্যম। 

কুকুরেয়া স্পেনের বিশ্বকাপে দলে আছেন। কোচ লা ফুয়েন্তের দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। ইএসপিনের মতে, ২৭ বছর বয়সী এই বাঁ পায়ের ফুটবলারে আগ্রহ দেখিয়েছিল বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদ। তবে বার্সা আলোচনা শুরু করার আগেই ব্লাঙ্কোসরা তার পিঠে ‘ডান ডিল’ লিখে দিয়েছে। 

কুকুরেয়াকে বার্সা লা লিগার দল এইবার ও গেটাফেতে দুই বছর ধারে ছেড়েছিল। ২০২০-২১ মৌসুমে গেটাফে তাকে কিনে পরের মৌসুমে প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটনের কাছে বিক্রি করে দিয়েছিল। ব্রাইটনে এক মৌসুম খেলে ২০২২ সালে চেলসিতে যোগ দেন তিনি। ক্লাবটির হয়ে চার মৌসুমে ১৬৩ ম্যাচ খেললেও সাবেক কোচ মারেস্কা তাকে খুব একটা পছন্দ করতেন না।
 

আরও পড়ুন

×