ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

‘এই বিশ্বকাপেই ভিনিসিয়াস দেখিয়ে দেবে, সে কে এবং কী করতে পারে’

‘এই বিশ্বকাপেই ভিনিসিয়াস দেখিয়ে দেবে, সে কে এবং কী করতে পারে’
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ২১:৫১ | আপডেট: ১৫ জুন ২০২৬ | ২১:৫৮

রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য এক আতঙ্কের নাম ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু ব্রাজিলের জার্সি গায়ে চাপালেই তাকে যেন আর চেনা ছন্দে খুঁজে পাওয়া যায় না। বড় টুর্নামেন্টে জাতীয় দলের জার্সিতে আশানুরূপ পারফর্ম করতে না পারায় প্রায়ই সমালোনার মুখে পড়তে হয় ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ডকে। তবে ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ডিফেন্ডার রবের্তো কার্লোস মনে করেন, এবারের বিশ্বকাপেই সমালোচকদের মুখ বন্ধ করে দেবেন ভিনিসিয়াস, নিজেকে নিয়ে যাবেন নতুন উচ্চতায়।

সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে কার্লোস বলেন, ‘ভিনিকে সবসময়ই প্রশ্নের মুখে পড়তে হবে। সমালোচনার মুখোমুখি হতে হবে এবং সে প্রশংসাও পাবে। তাকে বুঝতে হবে যে সে বিশ্বের সবচেয়ে বড় ক্লাব রিয়াল মাদ্রিদ এবং বিশ্বের সেরা দল ব্রাজিলের হয়ে খেলে।’

ব্রাজিল বিশ্বমঞ্চে শিরোপার দেখা পায়নি ২৪ বছর। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হেক্সা জয়ের মিশন তাই অধরাই থাকছে বিগত কয়েক বিশ্বকাপে। এবারের আসরে হেক্সা মিশনের বড় অংশের ভার ২৫ বছর বয়সী ভিনিসিয়াসের কাঁধে। ভিনিসিয়াস কি পারবেন সেই চ্যালেঞ্জ উতরে যেতে?

কার্লোস মনে করেন, এই চাপকে এড়িয়ে না গিয়ে বরং তা উপভোগ করা উচিত ভিনির। ভিনিসিয়াসের উদ্দেশ্যে সাবেক এই তারকা লেফট-ব্যাক বলেন, ‘তাকে শান্তভাবে এই দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিতে হবে এবং মেনে নিতে হবে যে সে এই দলের অন্যতম প্রধান নেতা। সে সমালোচনা থেকেও পালাতে পারবে না এবং নিজের দায়িত্ব থেকেও মুখ ফিরিয়ে নিতে পারবে না।’

হেক্স মিশনের শুরুটা খুব একটা স্বস্তিদায়ক হয়নি ব্রাজিলের। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ মিশন শুরু করে সেলেসাওরা। সেই ম্যাচেও ব্রাজিলের একমাত্র গোলটি এসেছে ভিনিসিয়াসের পা থেকে। সেই ম্যাচে কিছুটা ঝলক দেখালেও ভিনিসিয়াসের কাছ থেকে আরও অতিমানবিক পারফরম্যান্স দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

কার্লোস অবশ্য ভিনির সামর্থ্য নিয়ে বিন্দুমাত্র সন্দিহান নন। তিনি জোর দিয়ে বলেন, ‘আমি পুরোপুরি নিশ্চিত যে, এই বিশ্বকাপেই ভিনি দেখিয়ে দেবে সে কে এবং পায়ে বল নিয়ে সে কী করতে পারে।’

সাক্ষাৎকারে কার্লোস আরও জানান, রিয়াল মাদ্রিদ এই ব্রাজিলিয়ান তারকার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ আছে। তিনি বলেন, ‘সে রোমাঞ্চিত ও আত্মবিশ্বাসী। আমি নিয়মিত তার সঙ্গে কথা বলি। আমি তাকে বিশ্বের সমস্ত শুভকামনা জানাই। কারণ এই গুরুত্বপূর্ণ শিরোপা জয়ের লড়াইয়ে সে-ই এই ব্রাজিলের প্রধান ভরসা।’

আরও পড়ুন

×