স্পেনকে আটকে দিয়ে কেপভার্দে গোলরক্ষকের অনন্য রেকর্ড
স্পেনের বিপক্ষে ভোজিনহা ছিলেন দুর্দান্ত। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ০০:৩৭
ম্যাচের আগে কে ভেবেছিল, পুঁচকে কেপ ভার্দের বিপক্ষে এভাবে আটকে যাবে স্পেন? সেই অবিশ্বাস্য ঘটনার সাক্ষীই হয়েছে আটালান্টা। ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন ও বিশ্বকাপের অন্যতম হট ফেবারিট স্পেনকে গোল শূন্য রুখে দিয়েছে পশ্চিম আফ্রিকার দেশ কেপ ভার্দে।
তাই বলে স্পেন চেষ্টা কম করেনি। কেপভার্দে রক্ষণে আক্রমণের ঢেউ তুলেছে ঠিকই। কিন্তু সেই ঢেউ আটকে গেছে ভোজিনহা নামের এক বাধায়। বলতে গেলে ৪০ বছর বয়সী এ গোলকিপার একা হাতেই আটকে দিয়েছেন স্পেনের সব আক্রমণ। আর তাতেই বিশ্বকাপের রেকর্ড বইয়ে উঠেছে ভোজিনহার নাম।
সবচেয়ে বেশি বয়সী গোলকিপার হিসেবে বিশ্বকাপের অভিষেক ম্যাচে 'ক্লিনশিট' রাখার রেকর্ডটা এখন কেপভার্দে গোলকিপারের।
স্পেনের বিপক্ষে ম্যাচের দিন ভোজিনহার বয়স ছিল ৪০ বছর ১২ দিন। ম্যাচে অন্তত ৭টি দারুণ সেভে ভোজিনহা দেখিয়েছেন, বয়স কোনো বাধা হতে পারে না।
শুধু অভিষেক ম্যাচের জন্যই নয়, আরও একটা কীর্তিতে যোগ হয়েছে ভোজিনহার নাম। চল্লিশ বছরের বেশি গোলকিপারদের মধ্যে প্যাট জেনিংসের পর এক ম্যাচে সবচেয়ে বেশি গোল বাঁচানোর রেকর্ডটা এখন ভোজিনহার।
এর আগে ১৯৮৬ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে ১০টি সেভ করে এই তালিকায় সবার ওপরে নর্দার্ন আয়ারল্যান্ড গোলকিপার জেনিংস।
- বিষয় :
- খেলা
- ফুটবল
- স্পেন
- বিশ্বকাপ ফুটবল
