ক্রিকেটের ‘স্নিকোমিটার’ ব্যবহারে গোল কিনা দেখলেন রেফারি
ইশাক-ইয়োকেরাসদের গোল উদযাপন। ছবি: এক্স
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ০০:১৩
ক্রিকেটের ছোট্ট বল ব্যাটারের ব্যাট স্পর্শ করেছে কিনা কিংবা ব্যাট হয়ে প্যাডে লেগেছে কিনা; এমন সুক্ষ্ম সিদ্ধান্ত নিতে স্নিকোমিটার ব্যবহার করা হয়। কারণ সামান্য একটু স্পর্শের ওপর নির্ভর করে ব্যাটার আউট কিনা। ফুটবল বড় বলের খেলা। সামান্য স্পর্শ এখানে খুব জরুরি বিষয়ও না। তবু তিউনিশিয়া ও সুইডেন ম্যাচে রেফারি ক্রিকেটের নিত্যসঙ্গী প্রযুক্তি স্নিকোমিটার ব্যবহার করেছেন।
কারণ বিষয়টি ছিল মহাগুরুত্বপূর্ণ। ফুটবলে ম্যাচের ফল নির্ধারক গোল কিনা ওই সিদ্ধান্ত নিতে হতো রেফারিকে। রোববার বিশ্বকাপে সুইডেন ও তিউনিশিয়া ম্যাচে ৮৪তম মিনিটে ওই প্রযুক্তি ব্যবহার করেন রেফারি।
ম্যাচে সবে মাঠে নেমেছিলেন মাতিয়াস ভ্যানবার্গের। ১৮ সেকেন্ডের মধ্যে গোল করেন তিনি। সুইডেনের চতুর্থ গোল ছিল সেটি। ফুটবলারদের পাশাপাশি ডাক আউটে কোচিং স্টাফরা উচ্ছ্বাসে মাতেন। তখনই দেখা যায়, লাইন্সম্যান গোলটি অফসাইড ডেকে বাতিল করে দিয়েছে। সুইডিশ খেলোয়াড়রা সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ভিএআর দেখার দাবি তোলেন।
ভিএআরে দেখা যায় বল ভ্যানবার্গের কাছে যাওয়ার আগে ইশাকের পায়ে সামান্য টাচ করেছে। যা ছিল অতি সুক্ষ্ম। বিশ্বকাপের ফুটবলে বিশেষ এআই চিপ লাগানো থাকায় ক্রিকেটের স্নিকোমিটারের মতোই ‘বল-কনট্যাক্ট’ এর ব্যাপারটি স্পষ্ট হয়। তখন রেফারিকেও অফসাইডের কল বাতিল করে সুইডেনকে গোল দিতে হয়।
- বিষয় :
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
