রোনালদোর রাজকীয় রেকর্ডে ভাগ বসালেন মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ০৭:৪৪
বিশ্বমঞ্চে আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই রেকর্ডের নতুন মহাকাব্য লিখলেন লিওনেল মেসি। ম্যাচের শুরুতেই ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ষষ্ঠ বিশ্বকাপে মাঠে নামার অনন্য কীর্তি গড়েছিলেন। আর ১৭ মিনিটে আলজেরিয়ার জাল কাঁপিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে ৫টি ভিন্ন বিশ্বকাপ আসরে গোল করার রেকর্ড গড়লেন আর্জেন্টাইন জাদুকর।
মেসি তার বর্ণাঢ্য ক্যারিয়ারে ২০০৬, ২০১৪, ২০১৮ এবং ২০২২ সালের বিশ্বকাপে গোল করেছিলেন। কেবল ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে কোনো গোল পাননি তিনি। আজ ২০২৬ আসরে নিজের প্রথম ম্যাচেই গোল করে রোনালদোর সেই রাজকীয় রেকর্ডে ভাগ বসালেন এলএমটেন।
রেকর্ডের ম্যাচেটি মেসির জন্য আরও একটি কারণে বিশেষ। আলজেরিয়ার বিপক্ষে এই ম্যাচটি আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সিতে তার ২০০তম আন্তর্জাতিক ম্যাচ। বিশ্ব ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং কুয়েতের বাদের আল-মুতাভার পর তৃতীয় এবং প্রথম দক্ষিণ আমেরিকান ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ম্যাচের এই ‘ডাবল সেঞ্চুরি’র মাইলফলক স্পর্শ করলেন তিনি।
