মেসির জাদুকরী গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা
ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ০৭:৫৬ | আপডেট: ১৭ জুন ২০২৬ | ০৮:১৩
রেকর্ডময় রাতে অধিনায়ক লিওনেল মেসির জাদুকরী গোলে আলজেরিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
কানসাস সিটির চিলড্রেনস মার্সি পার্কে ম্যাচের শুরু থেকেই আক্রমণ ও প্রতি-আক্রমণে জমে ওঠে লড়াই। ম্যাচের প্রথম ১৫ মিনিটেই অফসাইডের ফাঁদে পড়ে দুই দলের দুটি গোল বাতিল হওয়ার পর ১৭ মিনিটে ডেডলক ভাঙেন আর্জেন্টাইন অধিনায়ক।
ম্যাচের চতুর্থ মিনিটেই প্রথম সুযোগ পায় আর্জেন্টিনা। ক্রিস্টিয়ান রোমেরোর লম্বা পাস থেকে থিয়াগো আলমাদা ও ফাকুন্দো মেদিনা হয়ে বল পেয়েছিলেন লাউতারো মার্টিনেজ। তবে তার নেওয়া হেডটি সরাসরি আলজেরিয়ান গোলরক্ষক জিদানের গ্লাভসে জমা হয়।
এর কিছুক্ষণ পরই মাঠে শুরু হয় অফসাইডের নাটক। এনজো ফার্নান্দেজ ও লাউতারোর বিল্ডআপ থেকে বল পেয়ে দারুণ এক হেডে আলজেরিয়ার জাল কাঁপিয়েছিলেন লিওনেল মেসি। তবে ভিএআর পরীক্ষার পর অফসাইডের কারণে গোলটি বাতিল করা হয়। এর ঠিক দুই মিনিট পর আলজেরিয়ার ফরোয়ার্ড শাইবি প্রথম স্পর্শেই আর্জেন্টিনার জালে বল পাঠিয়ে উল্লাসে মেতে উঠলেও রেফারি অফসাইডের বাঁশি বাজিয়ে সেই আনন্দ মাটি করে দেন।
তবে ১৭ মিনিটে আর কোনো ভুল করেননি নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা লিওনেল মেসি। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বল বক্সের বাইরে নিয়ন্ত্রণে নিয়ে আলজেরিয়ার রক্ষণ ভেঙে এক দর্শনীয় বাঁকানো শটে বল জালে জড়ান এই ক্ষুদে জাদুকর। এটি জাতীয় দলের হয়ে মেসির ১১৮তম এবং বিশ্বকাপে ১৪তম গোল। তার এই চোখধাঁধানো গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা।
এই এক গোলেই বিশ্ব ফুটবলের পরিসংখ্যান ওলটপালট করে দিয়েছেন মেসি। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর ফুটবল ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৫টি ভিন্ন বিশ্বকাপে গোল করেন তিনি। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে কম বয়সী (২০০৬ সালে) এবং সবচেয়ে বেশি বয়সী (৩৮ বছর ৩৫৭ দিন) গোলদাতা হিসেবে স্কোর করার এক বিরল রেকর্ড এখন মেসির দখলে। বিশ্বকাপে গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে মোট ২২টি ‘গোল কন্ট্রিবিউশন’ নিয়ে ব্রাজিলের কিংবদন্তি পেলেকে (২০) ছাড়িয়ে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
এছাড়া এই গোলের মাধ্যমে এমবাপ্পে ও জার্মানির জার্ড মুলারের সাথে যৌথভাবে বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতার তালিকায় জায়গা করে নিলেন মেসি। তার সামনে আছেন কেবল রোনালদো নাজারিও (১৫) ও মিরোস্লাভ ক্লোসা (১৬)।
মেসির এই গোলের পর ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় লিওনেল স্কালোনির দল। পুরো প্রথমার্ধ জুড়েই আর্জেন্টিনার প্রতিটি আক্রমণের কেন্দ্রবিন্দুতে ছিলেন মেসি। সতীর্থদের সাথে চমৎকার বোঝাপড়ায় আলজেরিয়ার রক্ষণভাগকে তটস্থ করে রাখলেও দ্বিতীয় গোলের দেখা পায়নি আলবিসেলেস্তেরা। ফলে ১-০ গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে আলবিসেলেস্তেরা।
- বিষয় :
- লিওনেল মেসি
- আর্জেন্টিনা
- আলজেরিয়া
- বিশ্বকাপ ফুটবল
