‘মেসি সবকিছু কত সহজ করে দেয়’
ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ১১:৪৫ | আপডেট: ১৭ জুন ২০২৬ | ১১:৪৯
আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে ২০২৬ বিশ্বকাপ মিশন শুরু করেছে আর্জেন্টিনা। ম্যাচে লিওনেল মেসির চোখধাঁধানো হ্যাটট্রিকের পর পুরো ফুটবল বিশ্ব মজেছে মেসি-বন্দনায়। মাঠের লড়াই শেষে অধিনায়ক-বন্দনায় মেতেছেন তার সতীর্থরাও। ম্যাচ শেষে মিক্সড জোনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার এবং ফাকুন্দো মেদিনারা জানিয়েছেন, মেসির দলে থাকাটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি।
আর্জেন্টিনার প্রথম গোলে আজ অবদান ছিল রদ্রিগো ডি পলের। তার অ্যাসিস্টেই আলজেরিয়ার বিপক্ষে ডেডলক ভাঙেন মেসি। ম্যাচ শেষে নিজের প্রিয় ‘লিও’ সম্পর্কে ডি পল বলেন, ‘দলে লিও থাকা মানেই বাড়তি এক সুবিধা। সে যেভাবে পুরো দলকে আগলে রাখে এবং সামনের দিকে এগিয়ে নেয়, তা সত্যি অবিশ্বাস্য। সে কে, তা আমরা সবাই জানি। সবচেয়ে বড় কথা, লিও কোনো ব্যক্তিগত রেকর্ডের তোয়াক্কা করে না, সে সবসময় দলকে সবার আগে অগ্রাধিকার দেয়। আমাদের জন্য এটা দারুণ এক পাওয়া।’
বিশ্বকাপের লক্ষ্য নিয়ে ডি পল যোগ করেন, ‘আমরা এখানে লড়াই করতে এসেছি। আমাদের লক্ষ্য বিশ্বকাপের প্রথম দিন থেকে শুরু করে একদম শেষ দিন পর্যন্ত টিকে থাকা। মাঠে যেকোনো কিছু ঘটতে পারে, তবে আমাদের নিজস্ব খেলার ধরনে আমরা এগিয়ে যাব।’
ইনজুরিতে পড়া টাগলিয়াফিকোর জায়গায় আজ একাদশে সুযোগ পেয়েছিলেন ফাকুন্দো মেদিনা। মেসির হ্যাটট্রিক নিয়ে তিনি বলেন, ‘এই জার্সি গায়ে দেওয়া, নিজের দেশ ও পরিবারের প্রতিনিধিত্ব করা সবসময়ই অত্যন্ত গর্বের। প্রথম ম্যাচটি নিয়ে অনেক আবেগ কাজ করছিল, তার ওপর লিওর তিন গোল। সব মিলিয়ে অসাধারণ এক অনুভূতি।’
মেসিকে প্রশংসায় ভাসিয়ে মেদিনা আরও বলেন, ‘মেসি সবকিছু এত সহজ করে দেয়! আমরা প্রতিদিন অনুশীলনে তাকে দেখি। নতুন করে তার ব্যাপারে কিছু বলার প্রয়োজন নেই, সবাই জানে সে কী জিনিস। এখন আমাদের কাজ হলো ধাপে ধাপে সামনে এগিয়ে যাওয়া।’
মেসির দ্বিতীয় গোলের উৎস ছিলেন অ্যালেক্সিস ম্যাক আলিস্টার। কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচের ধাক্কার কথা মনে করিয়ে দিয়ে এই মিডফিল্ডার বলেন, ‘এই জয়টি আমাদের খুব দরকার ছিল এবং আমরা এটিই প্রত্যাশা করেছিলাম। গত বিশ্বকাপে আমরা সেরা উপায়ে শুরু করতে পারিনি। যদিও শেষ পর্যন্ত আমরাই চ্যাম্পিয়ন হয়েছিলাম। তবে আজ আমরা অন্তত জিতে শুরু করতে পেরেছি।’
আলজেরিয়াকে সমীহ করে ম্যাক আলিস্টার বলেন, ‘আমরা জানতাম ওরা ভালো দল, আমরা কখনোই ওদের ছোট করে দেখিনি। দলে কিছু চোট-আঘাতের সমস্যা থাকলেও আমরা নিজেদের উন্নতির জন্য পর্যাপ্ত সময় পেয়েছি এবং সেরা প্রস্তুতি নিয়েই এখানে এসেছি। আশা করি এটি একটি দারুণ বিশ্বকাপ হবে।’
মেসিকে নিয়ে বলতে গিয়ে তিনি যোগ করেন, ‘লিওকে বর্ণনা করার মতো শব্দ আর আমাদের কাছে নেই। আজ এটা আবারও পরিষ্কার যে, লিও আমাদের সবার চেয়ে গুরুত্বপূর্ণ। আমরা আসলে মাঠের ভেতরে এমন একটা দল গড়ে তোলার চেষ্টা করি যাতে লিও সবচেয়ে বেশি স্বস্তিতে থেকে নিজের সেরা খেলাটা খেলতে পারে।’
- বিষয় :
- লিওনেল মেসি
- আর্জেন্টিনা
- বিশ্বকাপ ফুটবল
