হ্যাটট্রিকে আলজেরিয়া বধের পর যা বললেন মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ১২:৪৫ | আপডেট: ১৭ জুন ২০২৬ | ১২:৪৯
বয়স কি তবে শুধুই সংখ্যা? কাতার বিশ্বকাপে স্বপ্নের চূড়ায় পৌঁছে যাওয়ার পর কি তবে ভর করেছে আত্মতৃপ্তি? সমালোচকদের এমন সব ফিসফাস আর সংশয়কে এক ফুঁৎকারে উড়িয়ে দিলেন তিনি। কানসাসে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে সব প্রশ্নের জবাব দিয়ে দিলেন লিওনেল মেসি। বিশ্বচ্যাম্পিয়নদের ৩-০ গোলের দাপুটে জয়ের পর ৩৮ বছর বয়সী এই ফুটবল ঈশ্বর প্রকাশ করলেন নিজের ভেতরের জমানো আবেগের কথা।
ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আর্জেন্টিনা অধিনায়ক বলেন, ‘দিনগুলো কঠিন ছিল এবং আবেগটা সে কারণেই ছিল। আমি আমার সতীর্থ, কোচিং স্টাফ এবং প্রতিনিধি দলকে ধন্যবাদ জানাই।’
কাতারে সোনালী ট্রফি উঁচিয়ে ধরার পর অনেকেরই ধারণা ছিল মেসির ক্যারিয়ারে আর নতুন করে কিছু পাওয়ার বাকি নেই। তবে আলবিসেলেস্তেরা যে এখনো ক্ষুধার্ত এবং দলের সঙ্গে প্রতিটি মুহূর্ত তিনি কতটা উপভোগ করছেন, তা স্পষ্ট মেসির কণ্ঠেই। নিজের অর্জনের তৃপ্তি ও দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মেসি বলেন, ‘আমার জীবনে যা কিছু এসেছে, তার সবকিছুর মধ্য দিয়ে যেতে পেরে আমি খুব আনন্দিত। এখন আমি যে সময়টার মধ্য দিয়ে যাচ্ছি তা হলো সোনায় সোহাগা। আমি খুব খুশি এবং এই চমৎকার দলটির প্রতি কৃতজ্ঞ, আমি এটি খুব উপভোগ করি।’
আলজেরিয়ার বিপক্ষে দাপুটে জয় পেলেও এবারের আসরের কঠিন প্রতিদ্বন্দ্বিতা নিয়ে সতীর্থদের সতর্ক করে দিয়েছেন মেসি। তিনি বলেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচগুলো সবসময়ই কঠিন হয়, এবং আমরা দেখতে পাচ্ছি যে কেউ কাউকে কোনো ছাড় দিচ্ছে না। এটি একটি প্রতিযোগিতামূলক বিশ্বকাপ যেখানে জাতীয় দলগুলো খুব ভালোভাবে প্রস্তুত।’
জীবন সায়াহ্নে এসেও মাঠের ভেতরে বল পায়ে তার এমন অবিশ্বাস্য ছোটাছুটি আর নিবেদনের পেছনের মূল রহস্যটা আসলে ফুটবলের প্রতি তার অন্তহীন ভালোবাসা। নিজের ফিটনেস ও খেলার ক্ষুধা সম্পর্কে মেসি বলেন, ‘আমি ফুটবল খেলতে পছন্দ করি, ছোটবেলা থেকেই এটি আমার প্যাশন। যখন আমি ভালো অবস্থায় থাকি, আমি আমার সবটুকু উজাড় করে দিই।’
- বিষয় :
- আর্জেন্টিনা
- লিওনেল মেসি
- বিশ্বকাপ ফুটবল
