ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বিশ্বকাপ চলাকালেই গুরুতর অভিযোগ তুললেন দক্ষিণ কোরিয়ার কোচ

বিশ্বকাপ চলাকালেই গুরুতর অভিযোগ তুললেন দক্ষিণ কোরিয়ার কোচ
×

অনুশীলনে দক্ষিণ কোরিয়ার ফুটবলাররা। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬ | ০৮:৪৭ | আপডেট: ১৮ জুন ২০২৬ | ০৮:৫১

চলতি বিশ্বকাপে এরই মধ্যে এক ম্যাচ খেলেছে দক্ষিণ কোরিয়া। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ওই ম্যাচে ২-১ ব্যবধানে জেতা দক্ষিণ কোরিয়া নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল শুক্রবার মেক্সিকোর মুখোমুখি হবে। কিন্তু এই ম্যাচের আগে গুরুতর অভিযোগ তুলেছেন দক্ষিণ কোরিয়ার কোচ হং মিউং-বো। 

তিনি দাবি করেছেন, ম্যাচের আগে দলের রুদ্ধদ্বার অনুশীলনের সময় একটি ড্রোন উড়তে দেখেছেন। এ ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার কোচ। 
এবারের বিশ্বকাপ খেলতে গিয়ে দক্ষিণ কোরিয়া তাদের প্রস্তুতি ক্যাম্প করেছে মেক্সিকোর গুয়াদালাহারায়। সেখানেই অনুশীলনের সময় ড্রোনটি উড়তে দেখা যায়। বিষয়টি নজরে আসতেই মেক্সিকোর সামরিক বাহিনী ড্রোনটি নামিয়ে আনে। বিষয়টি নিয়ে নাম প্রকাশ্যে অনিচ্ছুক মেক্সিকোর এক ফেডারেল কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানান, জব্দ করা ড্রোনটি ছিল নিবন্ধনহীন এবং সেটি নিষ্ক্রিয় করা হয়েছে। 

রুদ্ধদ্বার অনুশীলনগুলোতে সাধারণত দলের জন্য নানা ধরনের কৌশল পরীক্ষা-নিরীক্ষা করেন কোচ। এছাড়া ফর্মেশন কিংবা খেলার পরিকল্পনা তৈরিতেও এসব সেশন গুরুত্বপূর্ণ। তাই অনুশীলনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা অগ্রাধিকার থাকে দলগুলোর। কিন্তু সেই অনুশীলনেই ড্রোন দেখতে পাওয়ার ঘটনাকে তাই দুর্ভাগ্যজনক হিসেবে মন্তব্য করেছেন হং মিউং-বো। 

এ প্রসঙ্গে দক্ষিণ কোরিয়ার কোচ বলেছেন, 'গতকাল আমাদের অনুশীলনের সময় আকাশে একটি ড্রোন ছিল এবং আমরা বিষয়টি জানতে পারি। তবে সৌভাগ্যবশত, এটি আমাদের কৌশলগত অনুশীলন শুরুর ঠিক আগে ঘটেছিল। তাই এর প্রভাব খুব বেশি পড়েনি। তবে ম্যাচের প্রস্তুতির সময়টা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই যেটা হয়েছে, তা সত্যিই দুর্ভাগ্যজনক।'

এ ঘটনার পর দলগুলোর বেস-ক্যাম্পের আশপাশে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, সেটা নিয়ে স্পষ্ট কিছু জানায়নি মেক্সিকোর নিরাপত্তা বাহিনী।

আরও পড়ুন

×