ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

ব্রাজিল দলে এমন একজন দরকার যে পার্থক্য গড়ে দেবে

ব্রাজিল দলে এমন একজন দরকার যে পার্থক্য গড়ে দেবে
×

জামাল ভূঁইয়া

জামাল ভূঁইয়া

প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ০৯:৩২

মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ব্রাজিলের পারফরম্যান্সে সবাই হতাশ। ব্রাজিলের কাছে যে মানের পারফরম্যান্স সবাই প্রত্যাশা করেছিল, সেটি দেখাতে পারেনি তারা। আমরা সবসময় আশা করি যে ব্রাজিল অনেক ভালো ফুটবল খেলবে, ম্যাচে অনেক সুযোগ সৃষ্টি করবে, গোল করবে। ওইটা আমরা প্রথম ম্যাচে দেখিনি। তাই আমি আশা করি হাইতির বিপক্ষে নতুন রূপে শুরু করবে ব্রাজিল। অ্যাটাকিং ফুটবল খেলবে। হয়তো নতুন কিছু প্লেয়ারও শুরু করবে সেরা একাদশে। আমার বিশ্বাস হাইতি ম্যাচেই জেগে উঠবে ব্রাজিল।

ব্রাজিল দলে এমন একজনকে দরকার যিনি ম্যাচে পার্থক্য গড়ে দেবেন। ইনজুরির কারণে নেইমার নেই। তাঁর না থাকাটা দলের জন্য অস্বস্তি। কারও পায়ে ম্যাজিক দেখা যাচ্ছে না। কারও মধ্যে ক্রিয়েটিভিটিও চোখে পড়ছে না। আসলে নেইমারের বিকল্প নেই। কারণ নেইমার ইজ নেইমার। ইতিহাস দেখলে বোঝা যায় নেইমার হলো ওয়ান অব দ্য মোস্ট স্কিলপুল প্লেয়ার। তাই ব্রাজিলের দশ নাম্বার পজিশনে আসলেই এখানে একটা সমস্যা আছে ব্রাজিলের। তাই বলে ব্রাজিলে স্কিলফুল প্লেয়ার নেই, এটা বললে ভুল হবে। মরক্কোর বিপক্ষে ম্যাচে আমরা ভিনিসিয়ুস জুনিয়রের একটা ম্যাজিক্যাল মোমেন্ট দেখেছি। রাফিনিয়াহ ভালো খেলতে পারেননি। আউট অব দ্য গেমে ছিলেন। আশা করি এন্ড্রিক খেলবেন।

হাইতির সঙ্গে ব্রাজিলের কঠিন পরীক্ষায় পড়ার কথা না। কারণ, ব্রাজিলের চেয়ে শক্তির বিচারে অনেক পিছিয়ে তারা। যদিও আমরা দেখেছি এই বিশ্বকাপে ছোট দলগুলো ভালো করছে। পর্তুগালকে ডি আর কঙ্গো, স্পেনকে কেপ ভার্দে রুখে দিয়েছে। প্রথম রাউন্ডে কিছু আপসেট আমরা দেখেছি। যেহেতু চাপে আছে ব্রাজিল, আমি মনে করি হাইতির বিপক্ষে জিতবে তারা। শেষ ম্যাচটা মরক্কোর সঙ্গে পারেনি বলে ব্রাজিলের মধ্যে জয়ের ক্ষুধা কাজ করছে। আর মরক্কো কিন্তু শক্তিশালী দল। র‍্যাঙ্কিংয়ে তারা সাত আর ব্রাজিল ছয় নাম্বারে। দু’দল অলমোস্ট একই লেভেলের। হাইতি আর ব্রাজিলের লেভেলের একটি পার্থক্য আছে।

আমরা চাই ব্রাজিল সুন্দর ফুটবল খেলুক। যারা ব্রাজিল সাপোর্ট করেন, যারা ব্রাজিলের খেলা অনুসরণ করেন, সবাই তো চান গোল করুক। গোল হলে তো খেলাও ভালো হবে। ব্রাজিল একটা চাপের ম্যাচ খেলেছে, হাইতির সঙ্গে জিতলে তা অনেক কমবে। কার্লো আনচেলত্তি একজন স্পেশাল কোচ, তিনি সবকিছুই জানেন। তিনি জানেন কী করতে হবে। ব্রাজিল হয়তো নতুন দল নামাবে এবং ভালো একটা ম্যাচ খেলবে।

এবারের বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড, লিওনেল মেসি জাদু দেখিয়েছেন। সেই হিসেবে আমি বলব ক্রিশ্চিয়ানো রোনালদো ভালো করতে পারেননি। পর্তুগাল আর কঙ্গোর মধ্যকার ম্যাচে রোনালদো নিজের ছায়া হয়েছিলেন। রোনালদোর চিন্তা ছিল তিনি গোল করবেন। এরকম না করে তাঁর চিন্তার দরকার ছিল টিম গোল করবে। আর রোনালদোর স্পিড অনেক কমে গেছে এটা বোঝা যায়। তবে এখনও তো ব্রেইনটা কাজ করে। সুতরাং তিনি জানেন আসলে কোন জায়গা দাঁড়াতে হবে।

আরেকটি বিষয় হলো, বিশ্বকাপের এই আসরে এখনও পর্যন্ত কোনো সেরা ম্যাচ যদি বলতে হয় আমি বলব ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচ। এই ম্যাচে প্রথমার্ধেই চার গোল হয়েছে। কাগজেকলমে ইংল্যান্ড অনেক শক্তিশালী দল। বেশির ভাগ খেলোয়াড় প্রিমিয়ার লিগে খেলেন। দলের সবচেয়ে বড় তারকা হ্যারি কেইন বুন্দেসলিগায় খেলেন। ইংল্যান্ডের সমস্যা হলো তারা গ্রুপ পর্বের ম্যাচগুলোতে ভালো খেলে। যখন নক আউট পর্বে উঠবে তখন দেখা যায় ফুটবলারদের মধ্যে একটা টায়ার্ডনেস কাজ করে। এবার যদি সেই ধারা থেকে বের হতে পারে।

জামাল ভূঁইয়া: অধিনায়ক, বাংলাদেশ দল

আরও পড়ুন

×