বাংলাদেশের ৭ রানের হারে সিরিজ জয় অজিদের
ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ১৭:৩৭ | আপডেট: ১৯ জুন ২০২৬ | ১৭:৪৪
১৯৭ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে মরণপণ লড়াই করল বাংলাদেশ। তানজিদ হাসান তামিম, সাইফ হাসান আর পারভেজ হোসেন ইমনদের ব্যাটে জয়ের সুবাসও পাচ্ছিল স্বাগতিকরা। কিন্তু শেষ মুহূর্তের স্নায়ুচাপ আর ব্যাটিং ব্যর্থতায় তীরে এসে তরী ডুবল টাইগারদের। দ্বিতীয় টি২০তে বাংলাদেশকে ৭ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া।
চট্টগ্রামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ম্যাট রেনশর বিধ্বংসী ৮৯ এবং টিম ডেভিডের ৪৫ রানের ঝোড়ো ইনিংসে ৫ উইকেটে ১৯৬ রানের পাহাড় গড়েছিল অস্ট্রেলিয়া। বাংলাদেশের পক্ষে নাসুম আহমেদ ৪ ওভারে ২৭ রান দিয়ে নেন ২ উইকেট।
১৯৭ রানের বিশাল রান তাড়া করতে নেমে বাংলাদেশ যেভাবে শুরু করেছিল, তা ছিল অবিশ্বাস্য। দুই ওপেনার তানজিদ হাসান ও সাইফ হাসান মাত্র ২ ওভারেই স্কোরবোর্ডে তুলে ফেলেন ৩৩ রান। তবে এই বিধ্বংসী জুটি বেশি দূর এগোতে পারেনি। ৪র্থ ওভারে বোলিংয়ে এসে ১৫ বলে ৩০ রান করা তানজিদকে নিজের ফিরতি ক্যাচে পরিণত করে ব্রেক-থ্রু এনে দেন ম্যাট রেনশ। এরপর উইকেটে এসে সৌম্য সরকারও (৯ বলে ১৫) দ্রুত সাজঘরে ফিরলে ৭৭ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।
তৃতীয় উইকেটে সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন দুর্দান্ত এক জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে নিয়ে আসেন। ১২ ওভারেই বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১২২ রান। কিন্তু থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি দুই ব্যাটারই। প্রথমে অ্যারন হার্ডির বলে কাভারে মিচেল মার্শের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৩৬ রান করা পারভেজ। এর কিছুক্ষণ পর বাঁহাতি স্পিনার জোয়েল ডেভিসের শিকার হন ৪২ রান করা সাইফ। দ্রুত এই দুই উইকেট পতনের পর কঠিন হয়ে পড়ে সমীকরণ। শেষ ৪ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ৪৪ রান।
বাঁচা-মরার ম্যাচে শেষ দিকে বাংলাদেশের ব্যাটিং ধীরগতির হয়ে যায়। শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ২০ রান। ক্রিজে থাকা হৃদয় শেষ বল পর্যন্ত চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ বলে ছক্কা মারতে গিয়ে ব্যক্তিগত ৩৫ রানে ক্যাচ আউট হন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রানে থামে বাংলাদেশের ইনিংস। আব্দুল গাফফার সাকলাইন ১৩ রানে অপরাজিত ছিলেন।
আগামী ২১ জুন একই ভেন্যুতে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ।
- বিষয় :
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া
