ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

এক নম্বরে যেতে হলে ব্রাজিলকে জিততেই হবে

এক নম্বরে যেতে হলে ব্রাজিলকে জিততেই হবে
×

জামাল ভূঁইয়া

জামাল ভূঁইয়া

প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ০৯:৫০

হাইতির বিপক্ষে ব্রাজিলের খেলায় ছিল ছন্দ। গোলের সংখ্যাটা আরও বেশি হলে ভালো হতো। তবে তিন গোলের জয়টি কোনো অংশে কম নয়। মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর যেভাবে সমালোচিত হয়েছিল পুরো দল, হাইতি ম্যাচের পর এখন বলা যায় কার্লো আনচেলত্তির দল বেশ আত্মবিশ্বাসী। এর মধ্যেও একটা সমস্যা কিন্তু রয়েই গেল ব্রাজিলের। দলের অন্যতম ভরসা রাফিনিয়ার না থাকাটা অবশ্যই ক্ষতিকর। অন্যদিক দিয়ে নেইমারের ফেরাটা পুরো দলের জন্য ইতিবাচক। তাঁর দিকে চোখ থাকবে। গ্রুপসেরা হতে হলে ব্রাজিলকে জিততে হবে। কিন্তু প্রতিপক্ষ স্কটল্যান্ড ছেড়ে কথা বলবে না। ব্রাজিলের জন্য ম্যাচটি কঠিন হবে।

স্কটল্যান্ড কিন্তু সহজ টিম নয়। মরক্কো তাদের সঙ্গে জিতেছে ঠিকই, তবে বেশ কষ্ট করতে হয়েছে। মরক্কোর বিপক্ষে স্কটল্যান্ড অনেক ভালো ফুটবল খেলেছে। ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাতে তৈরি স্কটিশরা। আসলে জয়ের ব্যবধান যা-ই হোক না কেন, ব্রাজিলকে জিততেই হবে স্কটল্যান্ডের বিপক্ষে। হারলে গ্রুপ রানার্সআপ হবে। তখন দেখা গেল নকআউটে কঠিন কোনো প্রতিপক্ষ পাবে। এই বিষয়টা মাথায় থাকার কথা আনচেলত্তির। যেহেতু নেইমার ফিরছে, দেখার বিষয় তাঁকে কীভাবে ব্যবহার করেন আনচেলত্তি। নেইমার এমন একটা প্লেয়ার, তাঁর থাকা মানে দলে অনেক প্রভাব পড়ে। মেসি ও রোনালদোর যেমন টিমে প্রভাব আছে, নেইমারেরও তাই। আনচেলত্তি যদি নেইমারকে নামান, তাহলে আমি মনে করি ১০ নম্বর জার্সি পরেই খেলবেন। এটাও প্রশ্ন, মাঠে ঠিক কতটা সময় খেলতে পারবেন তিনি। চোট কাটিয়ে ফিরে পুরো ৯০ মিনিট খেলতে পারবেন না নেইমার। আমার মনে হয়, শেষ ৩০ মিনিট খেলবেন। তাঁকে তো আস্তে আস্তে ম্যাচে ফিট হতে হবে। হাইতির বিপক্ষে জেতার পর হয়তো কৌশলে খুব একটা পরিবর্তন আনবেন না আনচেলত্তি। শুধু রাফিনিয়ার জায়গায় পরিবর্তন আসবে। বাকিটা মনে হয় একই থাকবে।

নেইমার ফেরাতে ব্রাজিল সমর্থকরা যেমন উচ্ছ্বসিত, অন্যদিকে লিওনেল মেসি শেষ বেলায় এসেও আলো ছড়িয়ে যাচ্ছেন। একই রাতে মেসির পর ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, নরওয়ের হালান্ডও জোড়া গোল করে জানিয়ে দিয়েছেন তাদের সামর্থ্য। অস্ট্রিয়ার বিপক্ষে অবিশ্বাস্য পারফরম্যান্স করেছেন মেসি। রেকর্ড গড়েছেন, বিশ্বকাপের সর্বোচ্চ গোলস্কোরার হয়েছেন। কেউ কি ভেবেছিল যে ৩৫ বছর বয়সী একজন ফুটবলার বিশ্বকাপে এভাবে নিজেকে মেলে ধরবেন। আসলে মেসি বিশ্বের সেরা ফুটবলার। তর্কে গেলেও আমি বলব– সর্বকালের সেরা ফুটবলার মেসিই।

মেসির খেলায় যেমন মন ভরেছে, তেমনি একটা বিষয় চোখে পড়েছে। এই আর্জেন্টিনা কিন্তু পুরোটাই মেসিনির্ভর। দেখা গেল কোনো ম্যাচে প্রতিপক্ষ মেসিকে বোতলবন্দি করে রাখল, তিনি নিজের সেরাটা মেলে ধরতে পারেননি, তখন কিন্তু আর্জেন্টিনা বিপদে পড়ে যেতে পারে। আমরা অতীতে দেখেছি ডি মারিয়া, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, আলভারেজ গোল করেছিলেন। কিন্তু এবার শুধু মেসিই গোল পাচ্ছেন। তাই এখানে কোচ লিওনেল স্কালোনির জন্য একটা চিন্তার জায়গা। এবার দেখা যাচ্ছে মেসির পেছনে ছুটছেন এমবাপ্পে। মেসির পাঁচ গোল, এমবাপ্পের চার গোল। এমবাপ্পের এটি তৃতীয় বিশ্বকাপ। তাঁর বয়সও কম। আমার মনে হচ্ছে, একসময় মেসিকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ গোলস্কোরার হবেন এমবাপ্পে। তিনি বিশ্বকাপে ১৬ ম্যাচে ১৬টা গোল করেছেন।

জামাল ভূঁইয়া: অধিনায়ক, বাংলাদেশ দল

আরও পড়ুন

×