বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র
ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬ | ১০:৪৮
মেক্সিকোর তিজুয়ানা বিমানবন্দরে ইরান জাতীয় ফুটবল দলের অধিনায়ক মেহেদি তারেমি ও সহকারী কোচ সাঈদ আলহোইকে আটকে রাখার অভিযোগ উঠেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিসরের মুখোমুখি হতে সিয়াটলের উদ্দেশে রওনা করার সময় এই ঘটনা ঘটে। এতে পুরো ইরান দলের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ ব্যাহত ও বিলম্বিত হয়েছে।
ইরান ফুটবল ফেডারেশন (এফএফআইআর) এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, বিমানবন্দরে অধিনায়ক মেহেদি তারেমি ও সহকারী কোচকে দীর্ঘক্ষণ জেরা ও আটকে রাখার প্রতিবাদে সতীর্থরা সংহতি দেখিয়েছেন। অধিনায়ক ও সহকারী কোচকে ছাড়া দলের অন্য কোনো সদস্য সিয়াটলের ফ্লাইটে উঠতে রাজি হননি। ফলে পুরো ইরান দল তিজুয়ানা বিমানবন্দর টার্মিনালেই অবস্থান নেয়।
অথচ এই ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রশাসন আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল, ম্যাচের দুই দিন আগে ইরান ফুটবল দলকে নির্বিঘ্নে ও কোনো প্রকার জটিলতা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশের বিশেষ অনুমতি দেওয়া হবে। কিন্তু বাস্তবে মার্কিন কর্তৃপক্ষের এমন হঠকারী আচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইরান।
যুক্তরাষ্ট্রের এমন আচরণ প্রথমবার নয় দাবি করে ইরান ফুটবল ফেডারেশন অভিযোগ করেছে, এটি মূলত পরিকল্পিত হয়রানি। এর আগে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষ করে লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর দিয়ে মেক্সিকোয় ফেরার পথেও মেহেদি তারেমি এবং সাঈদ আলহোইকে একইভাবে দীর্ঘ সময় আটকে রাখা হয়েছিল। সে সময় পাসপোর্ট এবং ভিসা যাচাইয়ের অজুহাতে তাদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয় বলে দাবি করেছে ফেডারেশন।
- বিষয় :
- যুক্তরাষ্ট্র
- ইরান
- বিশ্বকাপ ফুটবল
