দুর্দান্ত কামব্যাকে নকআউটে ডিআর কঙ্গো
নকআউট নিশ্চিত করে ডি আর কঙ্গোর খেলোয়াড়দের উদযাপন। ছবি: রয়টার্স
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ০৭:৫৯
পর্তুগালকে রুখে সাড়া ফেলে দিয়েছিল ডিআর কঙ্গো। কিন্তু কলম্বিয়ার কাছে হেরে যাওয়ায় চাপে ছিল তারা। ওই চাপ বহুগুন বাড়িয়ে দিয়েছিল উজবেকিস্তান। রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে পাঁচটায় আটলান্টা স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে ১০ মিনিটে লিড নিয়েছিল প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা এশিয়ার প্রতিনিধিরা।
কিন্তু ডিআর কঙ্গো দুর্দান্ত এক কামব্যাক দেখিয়েছে। ম্যাচের ৬৮ মিনিটে সমতায় ফেরা দলটি শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় তুলে নিয়েছে। কামব্যাকের এই জয়ে ‘কে’ গ্রুপ থেকে তৃতীয় সেরা দল হিসেবে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে।
বিশ্বকাপের ১২ গ্রুপ থেকে তৃতীয় সেরা আটটি দল শেষ ৩২ এ খেলবে। ১১টি গ্রুপের খেলা শেষে ছয়টি দল ৪ পয়েন্ট করে তোলায় তাদের নকআউট পর্ব খেলা নিশ্চিত। ডিআর কঙ্গো ওই ৬ দলের একটি। তিন পয়েন্ট নিয়ে নকআউটে যাওয়ার সমীকরণ মিলবে সকাল ৮টায় শুরু হওয়া অস্ট্রিয়া-আলজেরিয়া ম্যাচ শেষে।
প্রথম দুই ম্যাচে হারের স্বাদ পাওয়া উজবেকিস্তান এদিন ম্যাচের শুরুতে এলদর সমুদোরভের গোলে লিড নেয়। প্রথমার্ধে ওই লিড ধরে রেখেছিল তারা। কিন্তু ম্যাচের ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল দিয়ে কঙ্গো সমতায় ফেরে। গোল করেন ইয়োনে ভিসা। ১০ মিনিট পরে ফিস্টন মায়েলি কঙ্গোকে লিডে তোলেন। শেষ বাঁশির আগে ভিসা দলের বড় জয় নিশ্চিত করেন।
- বিষয় :
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
