ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

বেঞ্চে মেসি, জর্ডান ম্যাচে না খেলার কারণ কী?

বেঞ্চে মেসি, জর্ডান ম্যাচে না খেলার কারণ কী?
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ০৮:০৪

গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে নেই আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে আজ রোববার ডালাসে অনুষ্ঠিত ম্যাচে তাকে বেঞ্চে রেখে একাদশ সাজিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

মেসিকে বিশ্রাম দেওয়ার পেছনে রয়েছে দুটি বড় কারণ। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আগেই নকআউট নিশ্চিত হয়ে যাওয়া এবং সামনে থাকা কঠিন সূচির কথা মাথায় রেখে তাকে শতভাগ ফিট রাখা।

প্রথম দুই ম্যাচে আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে ইতোমধ্যেই গ্রুপ ‘জে’এর শীর্ষস্থান নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ফলে জর্ডানের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জন্য নিয়মরক্ষার। তাই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে অপ্রয়োজনীয় ঝুঁকিতে ফেলতে চাননি স্কালোনি।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ জানান, মেসি বেঞ্চ থেকে ম্যাচ শুরু করবেন। প্রয়োজন হলে দ্বিতীয়ার্ধে তাকে মাঠে নামানো হতে পারে।

বিশ্বকাপ শুরুর আগে ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে অস্বস্তিতে ভুগেছিলেন মেসি। যদিও টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে সেটির কোনো প্রভাব দেখা যায়নি। তবু সামনে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে আর্জেন্টিনাকে।

৪৮ দলের এই বিশ্বকাপে শিরোপা ধরে রাখতে হলে নকআউট পর্ব থেকে ফাইনাল পর্যন্ত মাত্র ১৭ দিনের মধ্যে পাঁচটি ম্যাচ খেলতে হতে পারে স্কালোনির দলকে। সেই ব্যস্ত সূচির কথা বিবেচনায় রেখেই মেসিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ৪ জুলাই রাউন্ড অব ৩২-এ মায়ামিতে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সেই ম্যাচের আগে অধিনায়ককে সম্পূর্ণ সতেজ রাখাই এখন স্কালোনির প্রধান লক্ষ্য।

আজকের ম্যাচে একাদশে ব্যাপক রদবদল এনে বেঞ্চের খেলোয়াড়দের পরখ করার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন কোচ। লিওনেল মেসি আজ শুরুর একাদশে থাকছেন না। তবে প্রথম দুই ম্যাচে দুর্দান্ত খেলে জাল অক্ষত রাখা প্রধান গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ আজকেও শুরু থেকেই পোস্টের নিচে থাকবেন।

রক্ষণভাগে আজ বড় চমক হিসেবে শুরুর একাদশে থাকছেন অ্যাটলেটিকো মাদ্রিদ বসের ছেলে জুলিয়ানো সিমেওনে। তার সঙ্গে রক্ষণভাগের অন্য তিন পজিশনে খেলবেন অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি ও নিকোলাস তাগ্লিয়াফিকো।

মাঝমাঠে আজ আর্জেন্টিনার হয়ে চলতি বিশ্বকাপে অভিষেক হয়েছে জিওভান্নি লো সেলসোর। তার সঙ্গে একাদশে ফিরছেন এক্সেকিয়েল পালাসিওস। অন্যদিকে অস্ট্রিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখায় আজকের ম্যাচে কার্ডের ঝুঁকিতে আছেন লিয়ান্দ্রো পারেদেস, তবে নকআউটের আগে স্কালোনি তাকেও আজ শুরু থেকেই মাঠে নামাচ্ছেন। আর মাঝমাঠের সঙ্গে আক্রমণভাগের সংযোগ ঘটাতে প্লে-মেকার হিসেবে খেলবেন তরুণ নিকোলাস পাজ। স্কালোনির প্রথম পছন্দ না হলেও আজ আক্রমণভাগে একসঙ্গে জুটি বাঁধবেন হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ। 

জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), জুলিয়ানো সিমেওনে, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস, এক্সেকিয়েল পালাসিওস, জিওভান্নি লো সেলসো, নিকোলাস পাজ, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ।

আরও পড়ুন

×