ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

মাইন্ড গেমে নয়, কার্লোর মনোযোগ ফুটবলে 

মাইন্ড গেমে নয়, কার্লোর মনোযোগ ফুটবলে 
×

জাপান ম্যাচের আগে অনুশীলনে ভিনিসিয়াসরা। ছবি: জি গ্লোবো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ১৮:৫৬

ব্রাজিলকে ‘পতিত দানব’ অ্যাখ্যা দিয়েছেন জাপানের ২১ বছরের স্ট্রাইকার কেন্তো শায়োগাই। ‘ব্রাজিল একসময় ভালো দল ছিল। কিন্তু এখন আর নামডাক শোনা যায় না। ফুটবলের পরাশক্তি মানে এখন ফ্রান্স-আর্জেন্টিনা।’ জার্মানির ক্লাব ভলসবার্গে খেলা তরুণের খোঁজাটা দ্বিমুখী। অথচ তিনি নিজেই বিশ্বকাপে জাপানের তিন ম্যাচে খেলেছেন ৬ মিনিট। 

চিমটি দিতে ভুল করেননি জাপানের কোচ হাজিমে মরিয়াসু। তার মতে, জাপানকে সহজে বধ করতে পারবে না ব্রাজিল, ‘গতবারই (অক্টোবরের প্রীতি ম্যাচে) আমরা প্রমাণ করেছি, আমরা সহজে বশ হওয়ার মতো দল নই। ম্যাচে কী হতে যাচ্ছে, কেউ জানি না। আমাদের জয়ের ভালো সুযোগ আছে। জাপানকে অনেকে ডার্ক হর্স বলছে। আমরা সেভাবেই খেলব।’ 

নেদারল্যান্ডস-সুইডেনের গ্রুপ থেকে অপরাজিত থেকে নকআউট পর্বে আসা জাপানের এসব কথার ফাঁদে পা দিচ্ছেন না ব্রাজিলের ইতালিয়ান কোচ ডন কার্লো আনচেলত্তি। তার মতে, জাপানিজদের এসব কথাবার্তার উদ্দেশ্য মাইন্ড গেম খেলা। কিন্তু তার দল যা খেলার মাঠেই খেলবে। মাইন্ড গেমে তার কোন আগ্রহ নেই। 

কার্লো আনচেলত্তি বলেন, ‘অন্যরা অনেক কথাই বলছে। এসবের পুনরাবৃত্তি আমি করবো না। আমাদের মনোযোগ মাঠের খেলায়। প্রতিপক্ষের শক্তি-সামর্থ্যে। মাঠের সমস্যা যাতে এড়ানো যায়, আমাদের মনোযোগ সেদিকে। ম্যাচের প্রস্তুতি বলতে আমি এটাই বুঝি। ইংল্যান্ডে একটা কথা আছে না- মাইন্ড গেম? পর্তুগিজে আপনারা কী বলেন? আমি সেটা খেলতে চাই না।’ 

কার্লোর মতো সুর নরম করে প্রতিপক্ষ জাপানের প্রতি সম্মান রেখে কথা বলেছেন সেলেসাও অধিনায়ক মার্কুইনোস। ‘ভালো দল না’ আখ্যা দিয়ে ব্রাজিলকে উদ্বুদ্ধ  করছে জাপান বলেও মনে করেন পিএসজি ডিফেন্ডার, ‘তারা আমাদের উদ্বুদ্ধ করছে, এটা ভালো ব্যাপার। আমরা যুক্তরাষ্ট্রে এসেছি, আমাদের লক্ষ্য নির্ধারণ করে। তারা যদি এমন কিছু বলা ভালো মনে করে, বলুক। তবে ব্রাজিল ভালো দল না বলাটা, একটু উদ্ধতই।’

আরও পড়ুন

×