জয়ের রাতেই পাকেতাকে নিয়ে দুঃসংবাদ পেল ব্রাজিল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ০৮:০৪
জাপানকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। তবে জয় উদ্যাপনের মাঝেই দুশ্চিন্তার খবর পেয়েছে সেলেসাও শিবির। মাঝমাঠের অন্যতম ভরসা লুকাস পাকেতার চোটে পরের ম্যাচে খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
হিউস্টনে জাপানের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে প্রতিপক্ষের অর্ধে আক্রমণ গড়তে গিয়ে ডান উরুতে ব্যথা অনুভব করেন পাকেতা। বিরতির পর আর ঝুঁকি নেননি কোচ কার্লো আনচেলত্তি। দ্বিতীয়ার্ধের শুরুতেই তাকে তুলে দিয়ে মাঠে নামানো হয় তরুণ ফরোয়ার্ড এন্দ্রিককে।
ম্যাচ শেষে স্টেডিয়াম ছাড়ার সময় পাকেতাকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়, যা ব্রাজিল সমর্থকদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। চোটের অবস্থা জানতে মঙ্গলবার তার মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সেই রিপোর্টের পরই জানা যাবে, নকআউটের পরের ম্যাচে তিনি খেলতে পারবেন কি না।
তবে চোটের মধ্যেও সতীর্থদের উদ্দেশে আশাবাদী বার্তা দিয়েছেন পাকেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘যেভাবেই হোক না কেন, শেষ পর্যন্ত আমরা একসঙ্গেই লড়ে যাব।’
শেষ ষোলো নিশ্চিত করা ব্রাজিল এখন অপেক্ষায় রয়েছে মঙ্গলবার রাতে নরওয়ে ও আইভোরি কোস্টের মধ্যকার ম্যাচের। ওই ম্যাচের বিজয়ী দলের বিপক্ষেই আগামী রোববার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে কার্লো আনচেলত্তির দল।
- বিষয় :
- ব্রাজিল
- লুকাস পাকুয়েতা
