ব্যর্থতার উত্তর খুঁজছে জাপান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ১১:৩৯
বিপুল প্রত্যাশা নিয়েই উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নিয়েছিল জাপান। টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে ইংল্যান্ড ও ব্রাজিলের মতো শীর্ষ সারির দলগুলোকে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছিল কোচ হাজিমে মরিয়াসুর দল। কিন্তু এবার নকআউট পর্বের গেরোতেই আটকা পড়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় এশিয়ান ফুটবল জায়ান্টদের।
সোমবার রাতে শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করলেও ম্যাচের শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ হয় জাপানের। ম্যাচ শেষে মাথা নুইয়ে চোখের জলে স্টেডিয়ামে ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করেন কোচ ও শিষ্যরা।
গত তিন বিশ্বকাপেই জাপানের হৃদয় ভাঙার চিত্রনাট্য যেন একই রকম। চার বছর আগে কাতার বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা জাপান সহজেই টুর্নামেন্টের নকআউট পর্ব নিশ্চিত করে। এ আসরে গ্রুপ পর্বে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও স্পেনকে হারিয়ে জায়গা নেয় শেষ ষোলোতে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে শুরুতে গোল করে এগিয়েও গিয়েছিল তারা। কিন্তু ক্রোয়েশিয়া ম্যাচে সমতায় ফেরানোর পর পেনাল্টি শুটআউটে হেরে যায় জাপান।
২০১৮ রাশিয়া বিশ্বকাপেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে সামুরাই ব্লুরা। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের এক পর্যায়ে ২-২ গোলে সমতায় থাকলেও শেষদিকে তিন গোল হজম করে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় এশিয়ান জায়ান্টরা।
জাপান কোচ মরিয়াসু বলেন, ‘আমি মনে করি না ইতিহাস আমাদের প্রতি সদয় হবে। কিন্তু আজ যদি আমরা জয় তুলে নিতে পারতাম, তাহলে একদিন হয়তো ইতিহাসের পরিবর্তন দেখতে পেতাম।’
- বিষয় :
- জাপান
- ব্রাজিল
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
