ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

‘সুযোগ খুবই ক্ষীণ’, ব্রাজিলকে আগেভাগেই ফেবারিট মানছেন হালান্ড

‘সুযোগ খুবই ক্ষীণ’, ব্রাজিলকে আগেভাগেই ফেবারিট মানছেন হালান্ড
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ১২:৪৫

আইভরি কোস্টের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে নরওয়ে। তবে নকআউট পর্বের বৈতরণী পার হতেই আগামী রবিবারের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের প্রতিপক্ষ ব্রাজিলকে স্পষ্ট ব্যবধানে এগিয়ে রাখলেন নরওয়েজিয়ান গোলমেশিন আর্লিং ব্রাউট হালান্ড। সেলেসাওদের বিপক্ষে জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে কোনো রকম রাখঢাক না রেখেই ম্যানচেস্টার সিটি তারকা স্পষ্ট ভাষায় বলেন, ‘সুযোগ খুবই ক্ষীণ।’

ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে হালান্ড বলেন, ‘শেষ ষোলোতে ব্রাজিলের মুখোমুখি হওয়া এমন একটি বাস্তবতা, যা আমাদের মেনে নিতেই হবে। পুরো নরওয়ে এখন জাতীয় দলকে ঘিরে উচ্ছ্বসিত। দেশের মানুষের এই সমর্থন ও ঐক্য আমাদের আরও আত্মবিশ্বাসী করে তোলে।’

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সমীহ করে হালান্ড আরও যোগ করেন, ‘আমরা এখন শেষ ১৬-তে যাচ্ছি, যেখানে অত্যন্ত শক্তিশালী সব দল থাকবে এবং কাজটা মোটেও সহজ হবে না। পরবর্তী রাউন্ডে যাওয়া আমাদের জন্য কঠিন হবে। আমি নিশ্চিত নই আমরা পারবো কি না, তবে আমরা অনেক প্রস্তুতি নিয়েছি এবং অত্যন্ত প্রস্তুত হয়েই মাঠে নামবো।’

হালান্ড মুখে ব্রাজিলকে শতভাগ ফেবারিট বললেও পরিসংখ্যান কিন্তু সে কথা বলছে না। বিশ্ব ফুটবলে নরওয়েই একমাত্র দল, যারা একাধিকবার মুখোমুখি হয়েও ব্রাজিলের কাছে কখনো হারেনি। দুই দলের আগের ৪ বারের দেখায় নরওয়ের জয় ২টি এবং বাকি ২টি ম্যাচ ড্র হয়েছে।

এর মধ্যে সবচেয়ে স্মরণীয় ম্যাচটি ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপ। সেবার গ্রুপ পর্বের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের পেনাল্টিতে ২-১ গোলের অবিশ্বাস্য জয় পেয়েছিল নরওয়ে। শেষ ষোলোতে ব্রাজিলের বিপক্ষে হালান্ডরা সেই পুরোনো ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন

×