বেকার নিল্যান্ডেই ভাইকিং রূপকথা
আহসান হাবিব সম্রাট
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ১০:৩৬
একজন ফুটবলারের ক্যারিয়ারের শেষ চিত্রটা অধিকাংশ ক্ষেত্রেই সুখের হয় না। সোনালি দিন শেষে অনেক বিখ্যাত খেলোয়াড়কেও অবজ্ঞা, উপেক্ষা, কটূক্তি, অস্বীকার– এসব শব্দের সঙ্গে নতুন করে পরিচিত হতে হয়। অনেকে ক্লাব বা দলে অপাঙ্ক্তেয় হয়ে গলা ধাক্কার শিকার হন। জীবনের এমন পরিস্থিতি থেকে খুব কম খেলোয়াড়ই ঘুরে দাঁড়াতে পারেন। তবে কেউ কেউ অন্য ধাতুতে গড়া। তারা পশ্চিম দিকেই সূর্য ওঠাতে জানেন। যেমনটা নরওয়ের গোলরক্ষক ওরজান নিল্যান্ড। বিশ্বকাপের আগে বেকার থাকা এই গোলরক্ষকের অসাধারণ নৈপুণ্যেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নরওয়ে।
রোববার রাতে নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে টুর্নামেন্টের শেষ আটে ওঠার লড়াইয়ে ব্রাজিলের চারটি গোল প্রচেষ্টা নস্যাৎ করেন নিল্যান্ড। এর মধ্যে ম্যাচের প্রথমার্ধে ব্রুনো গিমারেজের নেওয়া পেনাল্টি শটটি দুর্দান্তভাবে রুখে দেন তিনি। এর আগে নকআউট পর্বের প্রথম ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে নরওয়ের জয়েও গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই ‘বুড়ো’ গোলরক্ষক। অথচ গত আট বছরে মাত্র তিনবার কোনো ক্লাবের হয়ে পুরো মৌসুমে গোলপোস্টের নিচে সুযোগ পেয়েছিলেন নিল্যান্ড। গত মৌসুম শেষে তাঁকে অপমানজনকভাবে না বলে দিয়েছিল লা লিগা ক্লাব সেভিয়া। এর পর থেকেই বেকার সাবেক এই অ্যাস্টন ভিলা গোলরক্ষক। তাঁর ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন তাঁর স্ত্রী টিনাসহ অনেকেই।
২০০৭ সালে নরওয়ের হোড ক্লাবে ক্যারিয়ার শুরু করা নিল্যান্ড বহু চড়াই-উতরাইয়ের সাক্ষী। ২০১৩ সালে মল্ডে ক্লাবে যোগ দেওয়ার পর ইউরোপের অনেক ক্লাবের নজরে আসেন। পরবর্তীতে ইঙ্গলস্ট্যাড, অ্যাস্টনভিলা, নরউইচ সিচি, বোর্নমাউথ, রিডিং ও আর.বি লিপজিগ ও সেভিয়ার জার্সি গায়ে ওঠে এই গোলরক্ষকের।
২০২৫ সালের সেপ্টেম্বরে লা লিগা ক্লাব সেভিয়া কর্তৃপক্ষ নিল্যান্ডের সঙ্গে আলোচনা না করেই তাঁকে না বলে দেয়। নিল্যান্ডের স্ত্রী টিনা বলেন, ‘নিল্যান্ড সেভিয়ায় খুবই ভালো খেলছিলেন এবং দলের অনুশীলনেও সেরা ছিলেন। কিন্তু একদিন তারা আবিষ্কার করেন ক্লাবটির খেলোয়াড়ের তালিকায় আর নিল্যান্ডের নাম নেই। এ বিষয়ে ক্লাবের পক্ষ থেকে কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি। এটা যেন বিনা মেঘে বজ্রঘাত। আমি তো ভেবেছিলাম; নিল্যান্ডের আর বিশ্বকাপ খেলা হলো না।’ না, টিনার আশঙ্কা সত্যি হয়নি। কারণ তাঁর ওপর তখনও আস্থা ছিল নরওয়ে কোচ স্টালে সোলবাকেনের।
এবারের বিশ্বকাপে ভাইকিংদের রূপকথার নতুন চিত্রনাট্য লিখছেন কোচ সোলবাকেন। তাঁর গল্পের দুই নায়ক দলের গোলরক্ষক ওরজান নিল্যান্ড ও স্ট্রাইকার আর্লিং হালান্ড।
- বিষয় :
- নরওয়ে
- ব্রাজিল
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
- ফিফা