ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

রোনালদোকে ৯০ মিনিট খেলানোর ব্যাখ্যায় যা বললেন পর্তুগাল কোচ

রোনালদোকে ৯০ মিনিট খেলানোর ব্যাখ্যায় যা বললেন পর্তুগাল কোচ
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ১১:৩৩

স্পেনের বিপক্ষে ১-০ গোলে পরাজয়ের মধ্য দিয়ে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজের দিকেও আঙুল তুলছেন অনেকে। বিশেষ করে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদোকে পুরো ম্যাচ খেলানো এবং আগের ম্যাচে বদলি নেমে গোল করা গনসালো রামোসকে স্পেনের বিপক্ষে খেলার সুযোগ না দেওয়ায় সমালোচনার মুখে পড়েছেন পর্তুগালের এই স্প্যানিশ কোচ। এমনকি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও এ নিয়ে প্রশ্ন উঠেছে।

তবে সংবাদ সম্মেলনে নিজের সিদ্ধান্তের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন মার্তিনেজ। তার মতে, ম্যাচে যখন একটি গোলের প্রয়োজন, তখন রোনালদোর মতো খেলোয়াড়কে মাঠ থেকে তুলে নেওয়ার কোনো যৌক্তিকতা ছিল না।

এমনকি রামোসকে অতিরিক্ত সময়ে খেলানো যেত বলেও মন্তব্য করেন মার্তিনেজ। তবে তার আগেই যোগ করা সময়ে মিকেল মেরিনোর গোলে ১-০ গোলে হেরে যায় পর্তুগাল।

স্পেনের বিপক্ষে ৯০ মিনিট খেলেও রোনালদো বল স্পর্শ করেছেন মাত্র ২০ বার। এর মধ্যে প্রতিপক্ষের বক্সে বলে তার স্পর্শ ছিল মাত্র তিনটি। এছাড়া কার্যকর কোনো সুযোগও তৈরি করতে পারেননি। তবে পর্তুগাল কোচ মনে করেন, মাঠে রোনালদোর উপস্থিতিই প্রতিপক্ষের রক্ষণভাবে বাড়তি চাপ সৃষ্টি করে।

মার্তিনেজ বলেন, ‘দল যখন একটি গোলের জন্য লড়াই করছে, তখন ক্রিশ্চিয়ানো রোনালদোকে তুলে নেওয়া যায় না। সে ৯০ মিনিট খেলতে পারে, এতে কোনো সমস্যা নেই। শুধু তার উপস্থিতিই প্রতিপক্ষ দলের রক্ষণভাবে প্রভাব ফেলে। সে জায়গা তৈরি করে দেয়, সেট পিসে কিংবা বক্সের ভেতরে যেকোনো মুহূর্তে পার্থক্য গড়ে দিতে পারে। তাই ৯০ মিনিটে তাকে তুলে নেওয়ার কোনো অর্থ ছিল না।’

কাতার বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে রোনালদোর বদলি হিসেবে নেমে হ্যাটট্রিক করেছিলেন গনসালো রামোস। এবারের বিশ্বকাপেও শেষ বত্রিশের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে বদলি নেমে গোল করেছিলেন এই স্ট্রাইকার। এরপরও স্পেনের বিপক্ষে তাকে মাঠে না নামানোর ব্যাখ্যা দিয়েছেন মার্তিনেজ।

তার ভাষায়, ‘অতিরিক্ত সময়ে হয়তো গনসালো রামোসকে ব্যবহার করার সুযোগ আসত। কিন্তু ৯০ মিনিট পর্যন্ত দলের কাঠামো ঠিক রাখা গুরুত্বপূর্ণ ছিল। তখন দলের সর্বোচ্চ গোলদাতাকে মাঠ থেকে তুলে নেওয়ার প্রশ্নই ওঠেনি।’

এত সমালোচনার মাঝেও রোনালদোর প্রশংসা করেছেন পর্তুগিজ কোচ। তিনি বলেন, ‘দায়িত্ব নেওয়ার সময় রোনালদোকে ঘিরে অনেক প্রশ্ন ছিল। কিন্তু মাঠের পারফরম্যান্সের পাশাপাশি প্রতিশ্রুতি, নিবেদন ও পেশাদারিত্ব দিয়ে তিনি দলের জন্য অনুকরণীয় হয়ে উঠেছেন।’

মার্তিনেজ বলেন, ‘আমরা ফুটবলের এক আইকনকে নিয়ে কথা বলছি। রোনালদোর মতো খেলোয়াড় খুব বেশি নেই। এই বিশ্বকাপে সে যা করেছে, তার জন্য আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। খেলোয়াড় হিসেবে, অধিনায়ক হিসেবে, এমনকি মানুষ হিসেবেও সে আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।’

আরও পড়ুন

×