ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

ব্রাজিলের পরিণতি দেখে মিসরকে সমীহ বিশ্বচ্যাম্পিয়নদের

ব্রাজিলের পরিণতি দেখে মিসরকে সমীহ বিশ্বচ্যাম্পিয়নদের
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ১০:৫৪ | আপডেট: ০৭ জুলাই ২০২৬ | ১০:৫৮

নরওয়ের কাছে ২-১ গোলে হেরে চলতি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বীদের এমন অপ্রত্যাশিত বিদায়ে ফুটবল বিশ্ব বিস্মিত হলেও, আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস বলছেন, বিশ্বকাপের বাস্তবতা এমনই। তার মতে, এই টুর্নামেন্টে কোনো প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আর সেই কারণেই শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে সর্বোচ্চ সতর্ক থাকছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময় আজ রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মিসরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচের আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ব্রাজিলের বিদায় এবং নিজেদের প্রস্তুতি নিয়ে খোলামেলা কথা বলেন পারেদেস।

বিশ্বকাপের অনিশ্চয়তা নিয়ে এই আর্জেন্টাইন মিডফিল্ডার বলেন, ‘বিশ্বকাপের কোনো ফলাফলই আমাকে অবাক করছে না। কারণ আমরা জানি, এখানে প্রতিটি দলই অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। যেকোনো দল যেকোনো মুহূর্তে অন্য দলকে হারিয়ে দিতে পারে। অবশ্যই ব্রাজিলের বিদায়টা হতাশাজনক, কিন্তু এটাই প্রমাণ করে যে এই টুর্নামেন্টে কোনো ম্যাচই সহজ নয়।’

ব্রাজিলের মতো একই পরিণতি শেষ বত্রিশেই হতে পারত আর্জেন্টিনারও। কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময় পর্যন্ত লড়াই করে ৩-২ গোলের জয় তুলে নিতে হয়েছিল লিওনেল স্কালোনির দলকে। সেই অভিজ্ঞতাই এখন মিসরের বিপক্ষে তাদের সবচেয়ে বড় সতর্কবার্তা। পারেদেস বলেন, ‘কেপ ভার্দের বিপক্ষে ম্যাচটি আমাদের মনে করিয়ে দিয়েছে, এখানে কোনো প্রতিপক্ষকে সহজ ভাবার সুযোগ নেই। আমরা শুরু থেকেই সেটা জানতাম, আর এখন আরও বেশি উপলব্ধি করছি। মিশরও আমাদের জন্য খুব কঠিন একটি পরীক্ষা হতে যাচ্ছে।’

এই মিডফিল্ডার আরও বলেন, ‘আমরা মাঠে আমাদের সেরাটা দিতে চাই। সব সময় সুন্দর ফুটবল খেলা সম্ভব হয় না, কিংবা পরিকল্পনামতো সবকিছু এগোয় না। অনেক সময় জয় পেতে কষ্ট করতে হয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে শেষ পর্যন্ত ম্যাচ জেতা।’

আরও পড়ুন

×