আর্জেন্টিনার ফকল্যান্ড ব্যানার নিয়ে যা বলল ফিফা
ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ | ১১:০০
ইংল্যান্ডকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করার আনন্দের মধ্যেই নতুন বিতর্কে জড়িয়েছে আর্জেন্টিনা। সেমিফাইনাল শেষে মাঠে ‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ লেখা একটি ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ফিফা।
ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের পর কয়েকজন আর্জেন্টাইন ফুটবলার গ্যালারি থেকে আসা ওই ব্যানার হাতে নিয়ে উদযাপন করেন। ব্যানারটির অর্থ, ‘ফকল্যান্ড (মালভিনাস) দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার’। যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে দীর্ঘদিনের সার্বভৌমত্ব বিরোধের কারণে বিষয়টি রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল।
এক বিবৃতিতে ফিফা জানায়, ঘটনাটি তাদের শৃঙ্খলা কমিটির বিবেচনায় রয়েছে। বলা হয়, ‘ফিফার শৃঙ্খলা কমিটি ম্যাচ-সম্পর্কিত প্রতিবেদনগুলো পর্যালোচনা করছে। ফিফার শৃঙ্খলাবিধি অনুযায়ী পরবর্তী সম্ভাব্য পদক্ষেপ নেওয়ার আগে সংশ্লিষ্ট পরিস্থিতি বিবেচনা করা হবে।’
ফিফা এখনো কোনো শাস্তির ঘোষণা দেয়নি। সংস্থাটি জানিয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, যা আর্জেন্টিনায় ‘মালভিনাস’ নামে পরিচিত। এটি নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। ১৯৮২ সালের যুদ্ধের পর বিষয়টি দুই দেশের জন্য আরও স্পর্শকাতর হয়ে ওঠে। সেই কারণে বিশ্বকাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে এ ধরনের রাজনৈতিক বার্তা নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।
ফিফার শৃঙ্খলাবিধি অনুযায়ী, মাঠে রাজনৈতিক বার্তা বা প্রতীক প্রদর্শনের অভিযোগ প্রমাণিত হলে বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে। এর মধ্যে রয়েছে, আর্থিক জরিমানা, সংশ্লিষ্ট ব্যক্তি বা খেলোয়াড়ের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা। তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় অতিরিক্ত পদক্ষেপ। তবে আর্জেন্টিনার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি ফিফা।
ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার আগে তাই মাঠের প্রস্তুতির পাশাপাশি এই তদন্তের দিকেও নজর রাখতে হচ্ছে বিশ্বচ্যাম্পিয়নদের। এখন দেখার বিষয়, তদন্ত শেষে ফিফা কী সিদ্ধান্ত জানায়।
- বিষয় :
- আর্জেন্টিনা
- ফিফা
- বিশ্বকাপ ফুটবল