ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

বগুড়ায় এইচএসসি পরীক্ষা শুরুর ২২ মিনিট পর প্রশ্ন বিতরণ, এসিল্যান্ডকে স্ট্যান্ড রিলিজ

বগুড়ায় এইচএসসি পরীক্ষা শুরুর ২২ মিনিট পর প্রশ্ন বিতরণ, এসিল্যান্ডকে স্ট্যান্ড রিলিজ
×

ফাইল ছবি

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ | ১১:২২

বগুড়ার গাবতলী উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ কেন্দ্রে এইচএসসির পরীক্ষা শুরুর ২২ মিনিট পর পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিতরণের ঘটনায় গাবতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীনকে স্ট্যান্ড রিলিজ (প্রত্যাহার) করা হয়েছে। তাকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একই ঘটনায় বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জানান, কেন্দ্রসচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে। তিনি বলেন, বিভাগীয় কমিশনারের কার্যালয় তাৎক্ষণিকভাবে এসিল্যান্ড শাহানাজ পারভীনকে প্রত্যাহার করে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে।

জেলা প্রশাসক আরও বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট কেন্দ্রসচিব ও গাবতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারও দায় রয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে এইচএসসির ভূগোল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে পরীক্ষা শুরুর পরও কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছেনি। পরে নির্ধারিত সময়ের ২২ মিনিট পর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিতরণ করা হয়। এতে পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দেয়। পরীক্ষা শেষে তারা বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আনেন।

পরে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে জেলা প্রশাসকের কাছে একটি লিখিত প্রতিবেদন পাঠান। এ বিষয়ে যোগাযোগ করা হলে কেন্দ্রসচিব ও সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ মো. সাইদুজ্জামান কোনো মন্তব্য করতে রাজি হননি।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শামীম আরা চৌধুরী বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট কেন্দ্রসচিবের সুস্পষ্ট ব্যর্থতা ও পরীক্ষা পরিচালনায় অদক্ষতার অভিযোগ রয়েছে। তিনি জানান, বগুড়ার জেলা প্রশাসন ইতিমধ্যে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে। গাবতলীর ইউএনওর প্রতিবেদনও জেলা প্রশাসনের মাধ্যমে শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে।

শামীম আরা চৌধুরী আরও বলেন, শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আগামী রোববার একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন দাখিল করবে। সেই প্রতিবেদনের ভিত্তিতে কেন্দ্রসচিবের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×