মাধবপুরের ‘মানবিক উমর আলী’ মারা গেছেন
উমর আলী
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ | ১১:১৭
হবিগঞ্জের মাধবপুরে দিনমজুর ও অসহায় মানুষের নির্ভরতার নাম ছিলেন উমর আলী। প্রতি শুক্রবার শত শত অভাবী মানুষকে বিনামূল্যে গরুর মাংস-ভাত খাওয়ানোর পাশাপাশি হাতে তুলে দিতেন নগদ অর্থ ও আতর। সেই মানবিক মানুষটি আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাতে তিনি মারা গেছেন। তাঁর মৃত্যুতে মাধবপুরজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
শুক্রবার দুপুর ২টায় উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে অবস্থিত ‘হোটেল উমর আলী’ প্রতি শুক্রবারই হয়ে উঠত অসহায় মানুষের আশ্রয়স্থল। গত ২৫ বছর ধরে সপ্তাহের এই দিনে তিনি নিজের খরচে শত শত সুবিধাবঞ্চিত মানুষকে পেটভরে গরুর মাংস ও ভাত খাওয়াতেন। খাবারের পর প্রত্যেকের হাতে তুলে দিতেন ১০০ টাকা ও সুগন্ধি আতর।
জীবদ্দশায় উমর আলী বলতেন, একসময় তিনি নিজেও চরম দারিদ্র্যের মধ্যে রিকশা চালিয়ে জীবন কাটিয়েছেন। ক্ষুধার কষ্ট কাছ থেকে দেখেছেন বলেই স্বাবলম্বী হওয়ার পর প্রতিজ্ঞা করেছিলেন, অন্তত সপ্তাহে একদিন অভাবী মানুষের মুখে খাবার তুলে দেবেন। সেই প্রতিজ্ঞা থেকেই ২০০১ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত নিয়মিত এ মানবিক কার্যক্রম চালিয়ে গেছেন।
মাধবপুর বাজারের ব্যবসায়ী আলমগীর কবির বলেন, এমন নিঃস্বার্থ ও দয়ালু মানুষ এখন খুব কমই দেখা যায়। তাঁর মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।
জগদীশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ খান বলেন, আমরা একজন প্রকৃত মানবিক মানুষকে হারালাম। কোনো প্রচার-প্রচারণা ছাড়াই তিনি নীরবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। সমাজে এমন সাদা মনের মানুষ সত্যিই বিরল।
- বিষয় :
- মারা গেছেন