ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

স্কালোনির স্প্যানিশ স্ত্রী-সন্তানেরা কোন দলের সমর্থক?

স্কালোনির স্প্যানিশ স্ত্রী-সন্তানেরা কোন দলের সমর্থক?
×

স্ত্রী এলিসা মনতেরোর সঙ্গে লিওনেল স্কালোনি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ১২:০১

অপেক্ষার প্রহর প্রায় ফুরিয়ে আসছে। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে স্পেন ও আর্জেন্টিনা। আগামী ২০ জুন বাংলাদেশ সময় রাত একটায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। এই ম্যাচের আগে উভয় সংকটে পড়েছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির পরিবার। কারণ তার পরিবারের বেশিরভাগ সদস্যের জন্ম ফাইনালের প্রতিপক্ষ দেশ স্পেনে। এমন অবস্থায় তারা কোন দলকে সমর্থন দেবেন? জন্মভূমি স্পেনকে নাকি স্কালোনির আর্জেন্টিনাকে?

সেই প্রশ্নের উত্তরটা দিয়েছেন স্কালোনি নিজেই। ফাইনালের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আর্জেন্টাইন কোচ জানিয়েছেন, তার স্বজনরা ফাইনালের মহারণে কোন দলের সমর্থন করবেন।

স্কালোনি বলেন, ‘অবশ্যই আমার স্ত্রী ও সন্তানেরা আর্জেন্টিনাকেই সমর্থন করবে। আমার স্ত্রী স্প্যানিশ হলেও তিনি খুব ভালো করেই জানেন আমি কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, কী ধরনের চাপ সহ্য করছি। আর আমার ছেলেরা সেটা আরও ভালোভাবে বোঝে।’

২০০৮ সালে ইতালির ক্লাব লাৎসিও থেকে ধারে স্পেনের ক্লাব মায়োর্কায় যোগ দিয়েছিলেন স্কালোনি। সেখানেই এলিসা মনতেরোর সঙ্গে তার পরিচয়। এরপর তারা বিয়েও করেন। তাদের দুই ছেলে ইয়ান ও নোয়ার মায়োর্কাতেই জন্ম নেয়। ইয়ানের জন্ম ২০১২ সালে। এর চার বছর পর ২০১৬ সালে জন্ম নেয় নোয়া।

তবে জন্মসূত্রে স্প্যানিশ নাগরিক হলেও স্কালোনির স্ত্রী ও দুই ছেলে আর্জেন্টিনার সমর্থক। কারণ, তাদের কাছে বাবার দায়িত্ব ও স্বপ্নই সবার আগে। এর আগে ২০২২ সালে কাতার বিশ্বকাপ এবং ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকা জয়ের উৎসবেও তাদের স্কালোনির পাশে দেখা গেছে। আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি গায়ে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের সঙ্গে ছবি তুলেছে এবং উদযাপনে অংশ নিয়েছে তারা।

ফাইনালে স্পেনের বিপক্ষে জিততে পারলে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পাবেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে যা হবে এক অনন্য কীর্তি।

স্কালোনি আরও বলেন, ‘মায়োর্কায় আমাদের স্বজনেরাও নিশ্চয় দুই ভাগে বিভক্ত হয়ে আছে। তাদের জন্য এটা কঠিন পরিস্থিতি, সেটা আমি বুঝি। তবে যা–ই হোক, শেষ পর্যন্ত তারা খুশিই হবে।’

আরও পড়ুন

×