রবার্তো গোমেজ বললেন, আর্জেন্টিনা সবচেয়ে ধূর্ত দল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ১২:৫৩
ফুটবলের ইতিহাসে আর্জেন্টিনা সবচেয়ে ধূর্ত দল বলে মন্তব্য করেছেন স্পেনের প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক ও ফুটবল বিশেষজ্ঞ রবার্তো গোমেজ। স্পেনের ক্রীড়াবিষয়ক রেডিও মার্কার ‘লা ট্রিবু’ অনুষ্ঠানে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল নিয়ে আলোচনা করার সময় এই মন্তব্য করেন জ্যেষ্ঠ এই ক্রীড়া সাংবাদিক। একই সঙ্গে স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তেকে বিশ্বকাপের সেরা কোচ দাবি করে টুর্নামেন্টের ফাইনালে লা রোজাদের হাতেই বিশ্বকাপ শিরোপা উঠবে বলে নিজের অভিমত জানান ‘ববি’ গোমেজ হিসেবে পরিচিত এই ফুটবল বিশেষজ্ঞ।
গত মঙ্গলবার রাতে ডালাস স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট এমবাপ্পেদের ফ্রান্সকে ২-০ গোলে উড়িয়ে টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠে ২০১০ আসরের চ্যাম্পিয়ন স্পেন। পরদিন জর্জিয়ার আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষের পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের জোড়া গোলে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় আলবিসেলেস্তে দল।
লা রোজাদের দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের সম্ভাবনা সম্পর্কে আলোচনা করতে গিয়ে রবার্তো গোমেজ বলেন, ‘টুর্নামেন্টে সম্ভাব্য শিরোপা প্রতিদ্বন্দ্বী হিসেবে আমরা যেসব দলকে পেতে পারতাম এসব দলের মধ্যে আর্জেন্টিনাই আমাদের জন্য সবচেয়ে বিপজ্জনক প্রতিপক্ষ।’ লিওনেল স্কালোনির শিষ্যদের খুবই ‘চতুর’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘ফাইনালে দায়িত্বশীল ও পরিচ্ছন্ন ফুটবল খেলা একটি দলের সঙ্গে বালকদের মতো আচরণকারী একটি লড়াই হবে। তবে আমি নিশ্চিত যে ফাইনালে স্পেনই জয়ী হবে, তবে সেটি হবে ঘাম ঝরানো জয়।’
প্রবীণ এই ক্রীড়া সাংবাদিক আলবিসেলেস্তেদের সম্পর্কে বলেন, ‘বিশ্বফুটবলের ইতিহাসে আর্জেন্টিনা সবচেয়ে ধূর্ত একটি দল। এই দলটিতে এমন কিছু খেলোয়াড় রয়েছে; যারা প্রতিপক্ষকে খোঁচাতে পছন্দ করে এবং যাদের আচরণ প্রায় সহিংসতার পর্যায়ে পড়ে। আর দল হিসেবে তারা একটি সহিংস দল।’ তবে আর্জেন্টিনা দলে সবসময়েই প্রতিভাবান ও বড় মাপের ফুটবলার থাকার প্রশংসা করেন রবার্তো, ‘এই দলটি ফুটবল ইতিহাসের সেরা কিছু খেলোয়াড় পেয়েছে। যাদের মধ্যে রয়েছেন ডি স্টেফানি, ম্যারাডোনা ও মেসির মতো তারকারা।’
আর্জেন্টিনা কোচ স্কালোনিকে একজন ‘দুর্দান্ত কোচ’ হিসেবে অভিহিত করলেও লা রোজা দলই বিশ্বকাপ জিতবে বলে আশাবাদ জানিয়ে রবার্তো বলেন, ‘বিশ্বকাপের সেরা দল হচ্ছে স্পেন। যে দলটি টুর্নামেন্টজুড়ে অসাধারণ খেলছে।’ স্পেন কোচ ফুয়েন্তেকে ‘বিশ্বকাপের সেরা কোচ’ হিসেবে অভিহিত করে এই ফুটবল বিশেষজ্ঞ বলেন, ‘তিনি ফুয়েন্তেকে নিয়ে অত্যন্ত গর্ব অনুভব করেন।’ বিশ্বকাপের লা রোজা দলের প্রথম ম্যাচ শেষে স্পেন কোচের সঙ্গে তাঁর আলাপচারিতার বিষয়টি উল্লেখ করে রবার্তো জানান, ফুয়েন্তে তাঁকে বলেছিলেন টুর্নামেন্টের নকআউট পর্বের ম্যাচগুলোতে স্পেন ‘নিখুঁত’ খেলবে। আর ফাইনালে উঠলে তারা ‘একেবারেই নিখুঁত’ খেলা উপহার দেবে। টুর্নামেন্টে এখন পর্যন্ত সেটিই দেখতে পাচ্ছেন তিনি।