মেসিদের পথ অনুসরণ করছে স্পেন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ১২:১৬ | আপডেট: ১৮ জুলাই ২০২৬ | ১২:২১
বিশ্বকাপ ফাইনালের আগে প্রতিপক্ষের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির ভূয়সী প্রশংসা করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। তবে আর্জেন্টিনার অধিনায়কের প্রশংসার মধ্য দিয়ে আরও একটি কাজ করেছেন স্পেন কোচ। মেসির যেসব গুণগুলো তাঁর নজরে পড়েছে, নিজের দলকেও সম্ভবত ফাইনালে ঠিক সেভাবেই সাজাচ্ছেন তিনি।
ফুয়েন্তে বলেছেন, মেসি নাকি এখনও ১৯ বা ২৩ বছর বয়সী তরুণের মতো খেলেন। কাকতালীয়ভাবে ফুয়েন্তের দলে দুজন গুরুত্বপূর্ণ সদস্য আছেন, যাদের বয়স ১৯ ও ২৩ বছর। সেই দুজন হলেন উইঙ্গার লামিনে ইয়ামাল ও সেন্টার-ব্যাক পাউ কুবারসি। শুধু এই দুজনের বয়সই কম নয়, এবারের বিশ্বকাপে যে কটি দল তারুণ্যময় স্কোয়াড নিয়ে এসেছে, ‘লা রোজা’রা তাদের অন্যতম। এবারের আসরে স্পেন স্কোয়াডের গড় বয়স ২৬.১ বছর। তাদের ফাইনালের প্রতিপক্ষ আর্জেন্টিনার গড় বয়স ২৮.৫ বছর। আর্জেন্টিনার স্কোয়াডের এই বয়স বেড়ে যাওয়ার পেছনে অন্যতম কারিগর লিওনেল মেসির। তিনি আর্জেন্টিনা স্কোয়াডের সবচেয়ে বয়স্ক খেলোয়াড়। ফাইনালে তারুণ্যের স্কোয়াড হতে পারে স্পেনের অন্যতম শক্তি।
মেসির অভিজ্ঞতা ও পরিণতি বোধেরও প্রশংসা করেছেন স্পেন কোচ। অথচ তাঁর তরুণ ফুটবলাররা এরই মধ্যে এবারের আসরের কঠিন প্রায় সব বাধা পার করে এসেছেন। এই যেমন ফ্রান্স, পর্তুগাল ও বেলজিয়ামের মতো দলের বিপক্ষে লামিনে ইয়ামাল, পাউ কুবারসিরা যথেষ্ট পরিণত ফুটবল খেলেছেন। এর মধ্যে ইয়ামাল বারবার বলেছেন কোনো চাপে নেই তিনি, শুধু ফুটবল খেলাটি উপভোগ করছেন। এই মনোভাব ফাইনালে স্পেনের অন্যতম সম্পদ হতে পারে। তাঁর পাশাপাশি ডিফেন্ডার পেদ্রো পোরো দারুণ খেলছেন। গুরুত্বপূর্ণ ম্যাচে নিয়মিত গোল করছেন। মিডফিল্ডার দানি ওলমো গোল না পেলেও দলের প্রয়োজন মেটাচ্ছেন বেশ ভালোভাবে।
মেসির প্রশংসায় দে লা ফুয়েন্তে আরও বলেছেন, আর্জেন্টাইন অধিনায়ক ক্লান্তিহীন ও অতৃপ্ত। এই স্পেন দল পুরো বিশ্বকাপে ক্লান্তিহীন ফুটবল খেলেছে। এই যেমন ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে দুই উইং-ব্যাক মার্ক কুকুরেয়া ও পেদ্রো পোরো এবং ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি– এই তিনজন গড়ে ১২ কিমির উপরে দৌড়েছেন। ‘লা রোজা’রা তরুণদের নিয়ে এমন একটি দল তৈরি করেছে, যারা যে কোনো দলের সঙ্গে লড়াই করতে সক্ষম এবং কোনো কিছুতেই তৃপ্ত হয় না। সেমিতে ফ্রান্সের বিপক্ষে জয়ের পর তারা বেশি আনন্দ করেনি, আবার প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে ড্রয়ের পর হতাশায় ভেঙে পড়েনি।
মেসিদের কাছ থেকে আরেকটি বিষয়ে শিক্ষা নেওয়ার কথা বলেছেন স্পেন কোচ। সেটা হলো আর্জেন্টিনার হার না মানা মানসিকতা। মিসরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়েও শেষ ১৩ মিনিটে ঝড় তুলে ঠিকই ম্যাচ জিতে নিয়েছিলেন মেসি-ফার্নান্দেজরা। শুধু ওই একটি ম্যাচেই নয়, নক আউট পর্বে প্রায় ম্যাচেই প্রত্যাবর্তনের নতুন নতুন ইতিহাস লিখেছেন তারা। নিজ দলের ভেতরেও এই অদম্য মানসিকতা চান ফুয়েন্তে। শেষ বাঁশির আগে কোনোভাবেই যেন তাঁর দল হাল না ছাড়ে। এই মানসিকতার কাছেই সেমিতে হেরেছে ইংল্যান্ড।
- বিষয় :
- স্পেন
- আর্জেন্টিনা
- ফাইনাল
- ফুটবল বিশ্বকাপ-২০২৬